ফ্রান্স-স্পেন ম্যাচে ব্যালন দ’র নির্ধারণ হবে না, বললেন ইয়ামাল
বার্সেলোনার এই স্প্যানিশ ফরোয়ার্ড মনে করেন, সারা বছর ভালো খেলে যাওয়া ফুটবলারেরই এই পুরস্কার পাওয়া উচিত।
সব ঠিক থাকলে দারুণ সময় কাটানো দুই ফুটবলার উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামালের দেখা হবে নেশন্স লিগের সেমি-ফাইনালে। কেউ কেউ মনে করেন, ব্যালন দ’র জয়ী নির্ধারণে এই ম্যাচ রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে তাদের সঙ্গে মোটেও একমত নন ইয়ামাল। বার্সেলোনার তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড মনে করেন, সারা বছর ভালো খেলে যাওয়া ফুটবলারেরই এই পুরস্কার পাওয়া উচিত।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার ফ্রান্সের মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। পরদিন আরেক সেমি-ফাইনালে জার্মানির বিপক্ষে খেলবে পর্তুগাল।
ক্লাব ও দেশের হয়ে দারুণ মৌসুম কেটেছে দেম্বেলে ও ইয়ামালের। আগামী সেপ্টেম্বর প্যারিসে এই দুই জনের কারো হাতে উঠতে পারে ব্যালন দ’র। সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কাদেনা কোপের এক সাংবাদিকের প্রশ্নকে চ্যালেঞ্জ করেন ইয়ামাল।
“যদি আপনার ব্যালন দ’র দিতে হতো, আপনি কাকে দিতেন? সারা বছরের সেরা খেলোয়াড়কে নাকি মঙ্গলবার যে জিতবে তাকে?”
“আমি আত্মবিশ্বাসী, আমরা মঙ্গলবার জিতব। তবে আমরা জিতি বা হারি, আমি বর্ষসেরা খেলোয়াড়কে ভোট দেব। কারণ যদি মঙ্গলবার আমার বা দেম্বেলের কিছু হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন। তাকে, যে রোববার খেলবে? আমি দেব যে সারা বছর ভালো খেলে তাকে, আর এটা আমি নিজের মনেই রাখব।”
ইয়ামাল ও দেম্বেলের মধ্যে লড়াই এখন খুব তীব্র। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া দেম্বলে জিতেছেন তিনটি বড় শিরোপা- লিগ আঁ, ফরাসি কাপ ও চ্যাম্পন্সিয়ন্স লিগ। অন্য দিকে ১৭ কছর বয়সী ইয়ামাল বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা, স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ।
২০২৫ সালের ব্যালন দ’রের মনোনীতদের নাম আগামী অগাস্টের শুরুর দিকে প্রকাশ্যে আসবে। পুরস্কার বিরতণী অনুষ্ঠান হবে আগামী ২২ সেপ্টম্বর। বিবেচনায় নেওয়া হবে গত ১ অগাস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স।
