Published : 07 Sep 2026, 10:42 PM
২০২৭ সাউথ এশিয়ান ফেডারেশন (সাফ) গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। গণমাধ্যমের খবর, আগামী ৪ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশ নেবে ভারত।
২০০৪ সালে সবশেষ পাকিস্তানে বসেছিল সাফ গেমস। ২৩ বছর পর সেখানে ফিরছে এই প্রতিযোগিতা। দা নিউজের খবর অনুযায়ী, পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ বলেছেন, সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়শনের সঙ্গে উঁচু পর্যায়ের বৈঠক করেছে ভারত। সেখানে তারা আসন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে।
মেহমুদ বলেছেন, আঞ্চলিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার জন্য সম্মতি দিয়েছে ভারত। তাদের দলের বিস্তারিত তথ্য আগামী জানুয়ারিতে জানানো হবে, এমনটা আশা করা হচ্ছে।
প্রতিযোগিতা আয়োজনের জন্য পাকিস্তান উদ্যোগ নেওয়ার পর এই খবর এলো। তিনটি শহর ইসলামাবাদ, লাহোর ও পেশাওয়ারে ২৮টি ডিসিপ্লিনে প্রতিযোগিতা হতে পারে এবার।
বেশিরভাগ খেলা ইসলামাবাদে হবে। এখানে স্কোয়াশ, টেনিস ও মার্শাল আর্টসহ রাখা হয়েছে ১৫টি ডিসিপ্লিন। ক্রিকেট, হকিসহ ১০টি ডিসিপ্লিন হবে লাহোরে। পেশাওয়ারে হবে বাকি তিনটি ডিসিপ্লিন।
নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের একটি হিসেবে দেখা যাচ্ছে। এই ইভেন্টের জন্য হাজারের বেশি অ্যাথলেট, কোচ, কর্মকর্তা, টেকনিক্যাল স্টাফ, দর্শক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী পাকিস্তান সফর করতে পারেন।
২০০৪ সালের ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইসলামাবাদে হয়েছিল নবম সাফ গেমস।
আর সবশেষ সাফ গেমস হয় ২০১৯ সালে নেপালের কাঠমাণ্ডু-পোখারায়। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতার ২০১৯ সালের আসরে বাংলাদেশ ১৯টি সোনা, ৩২টি রুপা জিতেছিল।