২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকো ম‍্যাচের আগে কথার লড়াইয়ে জড়াতে চান না ফ্লিক

বার্সেলোনা কোচ পূর্ণ মনোযোগ দিতে চান মাঠের লড়াইয়ে।

আতলেতিকো ম‍্যাচের আগে কথার লড়াইয়ে জড়াতে চান না ফ্লিক
হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 07:46 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

মেত্রোপলিতানোয় লড়াইয়ের স্মৃতি এখনও তাজা। ঘটনাবহুল সেই ম‍্যাচের পর আবার মুখোমুখি হতে যাচ্ছে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। সেই ম‍্যাচের পর অনেকেরই কথায় ছিল ঝাঁজ। তবে কোনো উত্তাপ শোনা গেল না হান্সি ফ্লিকের কণ্ঠে। কথার লড়াইয়ে না নেমে বার্সেলোনা কোচ মনোযোগ দিতে চান মাঠের লড়াইয়ে।

চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় বুধবার রাত একটায় শুরু হবে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের খেলা। 

গত শনিবার লা লিগার ম‍্যাচে আতলেতিকোর মুখোমুখি হয় বার্সেলোনা। ঘটনাবহুল ম‍্যাচে ২-১ গোলে জিতে শীর্ষস্থান সুসংহত করে ফ্লিকের দল। সেই ম‍্যাচে হারে পর চ‍্যাম্পিয়ন্স লিগে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছিল আতলেতিকো। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, সেসব নিয়ে একদমই ভাবছেন না তিনি।

“একমাত্র যে ব‍্যাপারটায় আমাদের মনোযোগ দেওয়া দরকার তা হলো, আমরা মাঠে কী অর্জন করতে পারি। নিজেরা যা নিয়ন্ত্রণ করতে পারব, এর বাইরের কোনো বিষয় নিয়ে আমি ভাবতে চাই না।”

ফিরতি লেগ খেলতে হবে আতলেতিকোর মাঠে। এর আগে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে এই মাঠেই ৪-০ গোলে হারে বার্সেলোনা। পরে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেও লাভ হয়নি। শেষ চার থেকেই বিদায় নেয় প্রতিযোগিতার সফলতম দলটি।

চ‍্যাম্পিয়ন্স লিগে এমন কিছুর পুনরাবৃত্তি এড়াতে দলের কাছ থেকে কী চান বার্সেলোনা কোচ?

“আমাদের নিজস্ব ধরন আছে এবং আমরা সেটাতেই অনড় থাকব। আমাদের চাপ তৈরি করতে হবে এবং জায়গা বের করে নিতে হবে। এই দুই ম‍্যাচে আতলেতিকোর বিপক্ষে আমাদের শুরু থেকে মনোযোগী থাকতে হবে। সবাই চ‍্যাম্পিয়ন্স লিগে খেলতে চায়। আমাদের সামনে সেমি-ফাইনালে পৌঁছানোর সুযোগ আছে। এটাই আমাদের লক্ষ‍্য।”