লিভারপুলের পারফরম্যান্সে ভীষণ হতাশ স্লট
দলের খেলায় আরও অনেক উন্নতির প্রয়োজন দেখছেন অ্যানফিল্ডের ক্লাবটির কোচ।
বল দখল, আক্রমণ, লক্ষ্যে শট; সব কিছুতেই আধিপত্য করেছে লিভারপুল। কিন্তু নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ফিনিশিংটা ঠিকমতো করতে পারেনি তারা। তাই অসংখ্য সুযোগ পেয়েও হারের তেতো স্বাদ পেতে হয় তাদের। দলের এমন পারফরম্যান্স হতাশ করেছে অ্যানফিল্ডের ক্লাবটির নতুন কোচ আর্না স্লটকে।
ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার নটিংহ্যামের বিপক্ষে ১-০ গোলে হারে লিভারপুল। খেলার ধারার বিপরীতে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ক্যালাম হাডসন-ওডোই। ১৯৬৯ সালের পর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় নটিংহ্যাম।
স্লটের কোচিংয়ে এবারের লিগে প্রথম তিন ম্যাচেই জয় পায় লিভারপুল। কিন্তু চতুর্থ ম্যাচে এসে জয়ের ধারা ধরে রাখতে পারল না দলটি।
নটিংহ্যামের বিপক্ষে অবশ্য বল দখল কিংবা আক্রমণে দাপট দেখায় লিভারপুল। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪ শট নেয় তারা, এর পাঁচটি ছিল লক্ষ্যে। আর নটিংহ্যাম পাঁচ শটের তিনটি রাখতে পারে লক্ষ্যে।
তবুও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। কারণ গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেননি হামেদ সালাহ, লুইস দিয়াস, দারউইন নুনেসরা। ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েই হতাশা ঝরে স্লটের কণ্ঠে।
“এই ফলাফল আমাদের খুব হতাশ করেছে এবং ম্যাচটি যেভাবে হয়েছে তাতে আমরা খুশি হতে পারি না… বলতে গেলে আমরা কোনো সুযোগই তৈরি করিনি।”
“আমাদের কেবল নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে-আরও ভালো হতে হবে। আমরা অনেকবার বল হারিয়েছি, যা মোটেও ভালো কিছু নয়। বল পায়ে আমাদের আরও ভালো করতে হবে।”
৪ ম্যাচ তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে লিভারপুল। ৪ ম্যাচের সবকটি জেতা শিরোপাধারী ম্যানচেস্টার সিটি আছে শীর্ষে।
