চ্যাম্পিয়ন্স লিগ
Published : 31 May 2026, 04:31 PM
বুদাপেস্টে যখন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আনন্দে আত্মহারা পিএসজি, ফ্রান্সজুড়ে তখন ক্লাবটির সমর্থকরাও মাতে বাঁধনহারা উল্লাসে। তাদের উদযাপন এতটাই বেপরোয়া ছিল যে, হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। তাতে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ।
এই ঘটনায় ৪০০ এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে রাজধানী প্যারিস থেকেই আটক করা হয়েছে প্রায় ৩০০ জন।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারায় পিএসজি। দুই দলের মূল ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। এই জয়ে টানা দ্বিতীয় মৌসুমে ইউরোপ সেরার ট্রফি ঘরে তোলে ফরাসি ক্লাবটি।
গত বছর পিএসজি যখন প্রথমবার চ্যাম্পিয়ন লিগ জয়ের স্বাদ পায়, তখনও একই ধরনের সহিংসতা দেখা গিয়েছিল। সেবারের উদযাপন আরও সহিংস ছিল। তবে এবার সতর্ক ছিল ফ্রান্সের সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, এবার কর্তৃপক্ষ ‘অত্যন্ত শক্তিশালী ও সুসংহত ব্যবস্থা’ নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিন প্যারিসেই হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজির জয় উদযাপন করতে রাস্তায় নামা মানুষেরা। তারা আতশবাজি ও ফ্লেয়ার ছোড়ে, তাতে কয়েকজন কর্মকর্তাও আহত হন। শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই সহিংসতার ঘটনায় ছয়টি গাড়ি, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি যাত্রী ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার ভোরে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ২৮০ জনই প্যারিসের।
নুনেজ জানান, সংঘর্ষে সাতজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এই পরিস্থিতি ‘একদমই গ্রহণযোগ্য নয়’ বলছেন তিনি।
রোববার বিকালে পিএসজির পুরো দলের একটি বিজয় শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তাদেরকে সংবর্ধনা দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।