২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ হাজার ৪০০ কিলোমিটার দূরের আলমাতিতে ‘স্পেশাল’ ম্যাচের অপেক্ষায় আলোন্সো

চ্যাম্পিয়ন্স লিগের নবাগত দলটির মাঠে খেলতে লম্বা ভ্রমণ ধকল সইতে হবে রেয়াল মাদ্রিদকে।

৬ হাজার ৪০০ কিলোমিটার দূরের আলমাতিতে ‘স্পেশাল’ ম্যাচের অপেক্ষায় আলোন্সো
শাবি আলোন্সো। ছবি: মাদ্রিদ এক্সট্রা এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

প্রায় সাড়ে ৬ হাজার কিলোমিটারের দীর্ঘ সফর। ১২ ঘন্টার ফ্লাইট। লম্বা ভ্রমণ ধকল সামলে চ্যাম্পিয়ন্স লিগের নবাগত দল এফসি কয়রাত আলমাতির মাঠে খেলাটা হয়তো কঠিনই হবে রেয়াল মাদ্রিদের জন্য। খেলোয়াড়রা কিভাবে এই চ্যালেঞ্জ সামলায়, তা দেখতে উন্মুখ হয়ে আছেন কোচ শাবি আলোন্সো।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে প্রতিপক্ষের মাঠে যে চারটি ম্যাচ খেলবে রেয়াল, তার মধ্যে মাদ্রিদ থেকে সবচেয়ে বেশি দূরত্বের এই এফসি কয়রাত। কাজাখস্তানের আলমাতি শহরের ক্লাবটি এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। বাছাইয়ের প্লে-অফে গত মঙ্গলবার সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন সেল্টিককে টাইব্রেকারে হারিয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করে তারা। 

গত মৌসুম থেকে নতুন আঙ্গিকে শুরু হওয়া ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই ধাপে রেয়াল ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি, ইউভেন্তুস, মার্সেই ও মোনাকোর বিপক্ষে। প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা বাকি চারটি ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও এফসি কয়রাতের মাঠে।

লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচ আলোন্সো বললেন, এফসি কয়রাতের বিপক্ষে ম্যাচটির দিকে বিশেষভাবে তাকিয়ে আছেন তিনি।

“গ্রুপটা কঠিন। তবে আমাদের জন্য অনুপ্রেরণারও। আলমাতি সফর হবে বিশেষ কিছু, দেখা যাক আমরা কীভাবে এটি সামলাতে পারি।”