প্রতিশোধের লক্ষ্যে আতলেতিকোর মাঠে এমবাপেহীন রেয়াল
আগের চেয়ে ‘আরও শক্তিশালী’ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় আবার যখন আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি রেয়াল মাদ্রিদ, ঘুরে-ফিরে আসছে গত মৌসুমে এই মাঠের দুটি মাদ্রিদ ডার্বি। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে স্রেফ দুটি ম্যাচ হেরেছিল রেয়াল, দুটিই ছিল এই ওয়ান্দা মেত্রোপলিতানোয়। সেই ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ তাদের সামনে।
রেয়াল কোচ কার্লো আনচেলত্তির মতে, আগের চেয়ে আতলেতিকো এখন আরও শক্তিশালী। তবে নিজেদের সেরাটা মেলে ধরে নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে প্রবল আত্মবিশ্বাসী তিনি।
আতলেতিকোর মাঠে রোববার লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
২০২৩-২৪ মৌসুমে এই মাঠে লিগ ম্যাচে ৩-১ গোলে হেরেছিল রেয়াল। মৌসুমে যা ছিল তাদের প্রথম হার। তারপর থেকে স্পেনের শীর্ষ লিগে টানা ৩৯ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।
গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর ৩৬তম লা লিগা ও ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও ঘরে তোলে রেয়াল। তবে তাদের ট্রেবল জয়ের আশা শেষ করে দিয়েছিল দিয়েগো সিমেওনের আতলেতিকো, কোপা দেল রের শেষ ষোলোয় ওয়ান্দা মেত্রোপলিতানোয় ৪-২ গোলে হেরেছিল আনচেলত্তির দল।
অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার মাঠে নামবে দল, শনিবার সংবাদ সম্মেলনে বললেন আনচেলত্তি।
“অবশ্যই আমাদের গত বছরের ভুলগুলো এড়াতে হবে। সেই শিক্ষা আগামীকালের (রোববার) ম্যাচের জন্য কাজে লাগতে পারে। এই মাঠে খেলা কঠিন।”
“আমি মনে করি, আতলেতিকো অনেক উন্নতি করেছে, তারা ভালো মানের খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে। আমার মনে হয়, তারা আমাদের ও বার্সেলোনার সঙ্গে এই লিগের শেষ পর্যন্ত লড়াই করবে।”
গ্রীষ্মের দলবদলে চেলসি থেকে ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘার ও ম্যানচেস্টার সিটি থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে টানে আতলেতিকো। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আছে তারা। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে রেয়াল দুইয়ে, ২১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে।
আসরে প্রথম ৬ ম্যাচ মিলিয়ে প্রথমার্ধে স্রেফ একটি গোল করতে পারে রেয়াল। তবে সবশেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে প্রথমার্ধে তারা গোল করে দুটি। যদিও তিন গোলে এগিয়ে গিয়েও শেষ দিকে দ্রুত দুই গোল হজম করে বসে তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে স্পেনের সফলতম দলটি।
আনচেলত্তি মনে করেন, আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ তার দল।
“সবশেষ ম্যাচের শেষ ১০ মিনিটে মনোযোগের অভাবকে বিবেচনায় নিয়ে দল উন্নতি করেছে। গত ম্যাচে আমরা আরও ঐক্যবদ্ধ ছিলাম। আমরা মানসম্পন্ন গোল করেছি। আমরা সঠিক পথে আছি। আগামীকাল (রোববার) খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিনোদনমূলক ম্যাচ হবে, লড়াইটা হবে কঠিন, কারণ উভয় দলই খুব মানসম্পন্ন।
লিগে এখন পর্যন্ত ৫ গোল করা কিলিয়ান এমবাপেকে ছাড়াই এই ম্যাচে নামতে হবে রেয়ালকে। হ্যামস্ট্রিং চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড।
যদিও এমবাপের অনুপস্থিতিতে দলের খেলার ধরনে খুব বড় পরিবর্তন আনা হবে না বলেই জানালেন রেয়াল কোচ।
“এমবাপে ছাড়া অবশ্যই কিছুটা পরিবর্তন হবে, তবে খুব বেশি নয়। আমরা তাকে ছাড়া খেলতে অভ্যস্ত। গত মৌসুমে সে এখানে ছিল না। দুর্ভাগ্যজনক যে, এই ম্যাচের জন্য সে নেই। তবে আমি মনে করি, তার অনুপস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে পারব আমরা।”
