লিভারপুল অধ্যায় শেষ হচ্ছে কিংবদন্তি সালাহর
লিভারপুলের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন ক্লাব ছেড়ে যাবেন এই মৌসুম শেষেই।
২ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলেন মোহামেদ সালাহ। কোনো ক্যাপশন নেই সেখানে। হয়তো কিছু খুঁজে পেলেন না লেখার মতো। ভিডিওর শুরুতে দেখানো হলো তার গোল আর উদযাপনের দৃশ্য। গত মৌসুমের গোল্ডেন বুট ট্রফি দেখানো হলো এক ঝলক। ট্রফি কেইসের সামনে একটি চেয়ারে তিনি বসলেন, দীর্ঘশ্বাস ফেলে একটু থিতু হওয়ার চেষ্টা করলেন যেন। এরপর বললেন, “হ্যালো এভ্রিওয়ান, দুর্ভাগ্যবশত, দিনটি চলেই এলো…।”
এটুকু বলার পর আর কিছু না বলেও চলত। তবু তাকে তো বলতেই হতো। আবেগময় সেই ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দিলেন সালাহ। লিভারপুলের কিংবদন্তি, ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরাদের একজন, সমর্থকদের প্রিয় ‘মিশরীয় রাজা’, লাল জার্সির ঔজ্জ্বল্য ও গৌরবের প্রতীক, অনেক সাফল্যের নায়ক এই তারকা চলতি মৌসুম শেষেই ছেড়ে যাবেন প্রিয় এই আঙিনা।
গত মৌসুম কেটেছিল তার স্বপ্নের মতো। এই মৌসুম ঠিক উল্টো। বারবার হানা দিয়েছে দুঃস্বপ্ন। কোচের সঙ্গে টানাপোড়েন, ফর্মের অধারাহিকতা আর বিতর্ক মিলিয়ে বেশ জেরবার ছিলেন কিছুদিন। সম্প্রতি অবশ্য আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু লিভাপুলের নিজের পথের শেষও দেখে ফেলেছেন এই পরিক্রমায়।
ভিডিও বার্তায় শান্ত কণ্ঠে সেই ঘোষণা দিলেন সালাহ।
“দুর্ভাগ্যবশত, দিনটি চলেই এলো…। এটাই আমার বিদায়ের প্রথম পর্ব। এই মৌসুমের শেষে আমি লিভারপুল ছাড়ছি।”
“এটা বলে শুরু করতে চাই যে, কখনও কল্পনাও করতে পারিনি যে, এই ক্লাব, এই শহর, এখানকার মানুষেরা আমার জীবনের এতটা গভীরে মিশে যাবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়, একটি আবেগ, একটি ইতিহাস, একটি চেতনা। যারা এই ক্লাবের অংশ নয়, তাদেরকে ভাষায় বোঝাতে পারব না এসব। আমরা জয় উদযাপন করেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফিগুলো জিতেছি এবং আমাদের জীবনের কঠিনতম সময়ে আমরা একসঙ্গে লড়াই করেছি।”
২০১৪ সালে চেলসির হয়ে ইংলিশ ফুটবলে পা পড়ে সালাহর। তবে সেখানে দুই বছরে মাঠে নামার সুযোগ পেয়েছেন সামান্যই। এর মধ্যে ধারে খেলেছেন ফিওরেন্তিনা ও রোমায়। পরে ২০১৬ সালে দীর্ঘমেয়াদি চুক্তিতেই পাড়ি জমান রোমায়। সেই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন তিনি, লিগে রানার্স আপ হয় রোমা। পরের ২০১৭ সালেই ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে নিয়ে আসে লিভারপুল।
লিভারপুলের প্রথম মিশরীয় ফুটবলার দ্রুতই হয়ে ওঠেন দলের অবিচ্ছেদ্দ অংশ এবং সমর্থকদের মধ্যমণি। অসাধারণ এক বন্ধন ও পথচলার শুরু হয়। ক্লাবের হয়ে তিনি জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। ব্যক্তিগত স্বীকৃতি জিতেছেন অনেক।
যখন অনেকেই মনে করছিলেন তার সেরা সময় পেছনে পড়ে গেছে, তখনই নিজের জাত আরেকবার চিনিয়েছেন গত মৌসুমে। লিগে দলের শিরোপা জয়ের পথে ২৯ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১৮ গোলে। ৩৮ ম্যাচের লিগে গোল সম্পৃক্ততায় যা যৌথভাবে রেকর্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো এক ফুটবলারের সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে জায়গা পেয়ে যায় এটি।
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলার, সর্বোচ্চ গোল করায় গোল্ডেন বুট ও সেরা প্লেমেকার, সব পুরস্কারই জিতে নেন তিনি। এক মৌসুমে এই তিনটি স্বীকৃতি পাওয়ার নজির নেই আর কারও।
তার নতুন চুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল ক্লাবের সঙ্গে। শেষ পর্যন্ত অসাধারণ পারফরম্যান্সের পথ ধরে দুই বছরের নতুন চুক্তিতে সই করেন গত এপ্রিলে। কিন্তু সেই মেয়াদ পূরণ হচ্ছে না।
গত মৌসুমের ধার তার খেলায় পাওয়া যাচ্ছিল না এবার।। কোচ তাকে বেশ কিছু ম্যাচে রাখেননি শুরুর একাদশে। কোচের সঙ্গে তার মনোমালিন্য আর ক্লাবের সঙ্গে দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। একপর্যায়ে তা প্রকাশ্য হয়ে ওঠে, যখন কোচকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সালাহ। তাকে 'বলির পাঁঠা' বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন। পরে তাকে স্কোয়াড থেকেই বাদ দেন কোচ আর্না স্লট। সালাহর অভিযোগের জবাবও দেন কোচ। সবকিছু মিলিয়ে বিতর্কের ঝড় বইতে থাকে।
সময়ের সঙ্গে তা স্তিমিত হয়ে আসে। সালাহ আবার শুরুর একাদশে ফেরেন। ফর্মও ফিরে পান কিছুটা। মৌসুমে ১০ গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন। সব মিলিয়ে ঝড় থেমে গিয়েছিল বলেই মনে হচ্ছিল। কিন্তু এখন বোঝা গেল, তার মনের ঝড় থামেনি।
মৌসুমের যদিও বেশি কিছুটা পথ এখনও বাকি। এখনই তার বিদায়ের ঘোষণার কারণ জানা গেল ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে, “সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবশত, নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বচ্ছতা আনতে যত দ্রুত সম্ভব এই ঘোষণাটি করার ইচ্ছা প্রকাশ করেছেন সালাহ।”
লিভারপুলের হয়ে সব মিলিয়ে ৪৩৫ ম্যাচ খেলে ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ২৫৫ গোল করেছেন তিনি। প্রিমিয়ার লিগে এই ক্লাবের জার্সিতে ৯ মৌসুমের ৪টিতেই জিতেছেন গোল্ডেন বুট। গোল করা ও সহায়তা মিলিয়ে তার ২৮১ গোলের সম্পৃক্ততা প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড।
বিদায়ের ঘোষণায় তার কণ্ঠে সবচেয়ে বেশি আবেগের ঝংকার ফুটে উঠল ভক্তদের কথা বলতে গিয়ে।
"...আর ভক্তদের উদ্দেশ্যে বলার মতো যথেষ্ট শব্দ নেই আমার। ক্যারিয়ারের সেরা সময়ে আপনারা আমাকে যে সমর্থন দিয়েছেন এবং কঠিনতম সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন... এসব এমন কিছু, যা আমি কখনও ভুলব না এবং সবসময় আমার সঙ্গে বয়ে বেড়াব।"
বিদায় নিলেও তার হৃদয় যে পড়ে থাকবে এখানেই, সেটিও তিনি জানিয়ে দিলেন স্পষ্ট করেই।
“ছেড়ে যাওয়া কখনোই সহজ নয়। তোমরা আমাকে আমার জীবনের সেরা সময়টা দিয়েছো, আমি সবসময় তোমাদের একজন হয়েই থাকব। আমার এবং আমার পরিবারের কাছে সবসময় আমার ঘর হয়ে থাকবে এই ক্লাব। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাদের সবার কারণে… I will never walk alone.”
