আনন্দ-উৎসবের মাঝেও কাবরেরার অন্যরকম ‘যন্ত্রণা’
একদিন বিরতি দিয়ে সিঙ্গাপুর ম্যাচে প্রস্তুতি শুরু করল বাংলাদেশ। হামজা-ফাহামিদুলদের দেখা গেল প্রাণোচ্ছল।
স্টেডিয়ামে ঢোকার সময়ই হামজা চৌধুরী ঈদের শুভেচ্ছা জানালেন হাসিমুখে। মাঠের প্রস্তুতি শুরুর আগে গা গরমের সময় ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার যখন ‘চোর-পুলিশ’ খেলার সার্কেলে এলেন, তখন বাকি সতীর্থদের মধ্যে পড়ে গেল হাসির রোল। এরপর গণমাধ্যম কর্মীদের সাথে যখন কথা বলতে এলেন হাভিয়ের কাবরেরা। তিনিও শুরু করলেন সবাইকে ঈদ মোবারক বলে। সব মিলিয়ে প্রাণোচ্ছল এক দলের ছবি ফুটে উঠল।
ঈদ-উল-আযহা শনিবার। সবাই যখন পরিবার-পরিজনের সাথে আনন্দ উদযাপন সারতে নানা আয়োজনে ব্যস্ত, তখন হামজা-রাকিব-ফাহামিদুলরা নিচ্ছেন সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। ঈদ উপহার হিসেবে দেশবাসীকে এই ম্যাচে জয় উপহার দিতে চান কাবরেরা।
“সবাইকে ঈদ মোবারক। আশা করি, পরিবারের সবাইকে নিয়ে আপনারা ঈদ উপভোগ করবেন এবং পর সিঙ্গাপুরের বিপক্ষে বড় ম্যাচ উপভোগের প্রস্তুতি নেবেন। আশা করি, ঈদ উপহার হিসেবে সবাই জয় উপহার দিতে পারব।”
এরপর শুরু হলো ‘সিরিয়াস’ প্রশ্ন। যেখানে উঠে এলে মালদ্বীপের বিপক্ষে সিঙ্গাপুরের ৩-১ গোলের জয়, ইখসান ফান্ডির গোল পাওয়াসহ নানা বিষয়। শুক্রবার বিশ্রামের দিনে কাবরেরা ব্যস্ত ছিলেন ম্যাচের ছকে, দেখেছেন সিঙ্গাপুর-মালদ্বীপ ম্যাচও।
“আমরা ফান্ডির খেলা দেখেছি। তার প্রতি এবং বাকিদের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে। মালদ্বীপ রক্ষণে ভালো, সিঙ্গাপুর যে গোলগুলো করেছে… তারা ভালো দল। তাদের গোল করার সামর্থ্য আছে। অবশ্যই তাদের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ভালো পরীক্ষা।”
সেট-পিস থেকে গোল হজমের যে ভীতি এতদিন ছিল, গত তিন ম্যাচে সে পরীক্ষায় উতরেছে বাংলাদেশ। সেট-পিস থেকে গোল খায়নি দল। এর মধ্যে দুই ম্যাচে ক্লিন-শিট নিয়ে মাঠ ছেড়েছেন মিতুল মারমা। মালদ্বীপ ম্যাচেই সিঙ্গাপুরের ফান্ডি, আমিরুল আদলি গোল করেছেন হেডে। কাবরেরা জানালেন, ট্রেনিংয়ে সেট-পিস নিয়ে কাজ করছেন নিবিড়ভাবে।
“সবশেষ তিন ম্যাচে আমরা সেট-পিস থেকে কোনো গোল হজম করিনি। তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার আমরা সেট-পিসের অনুশীলন আরও বেশি করেছি। যেটা আশা করি আমাদের ইতিবাচক প্রতিদান দেবে।”
কাবরেরার ভাবনায় জায়গা দুটি। ফরোয়ার্ডদের পায়ে গোলের খরা চলছেই। অফিসিয়াল, আন-অফিসিয়াল মিলিয়ে গত সাত ম্যাচে গোল পায়নি আক্রমণভাগের কেউ। সবশেষ গত বছর সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে জালের দেখা পেয়েছিলেন ফরোয়ার্ড শেখ মোরসালিন। ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচে মোরসালিন, রাকিব হোসেন, ইতালির সেরি ‘ডি’তে খেলা ফাহামিদুল-কেউই পারেননি জালে বল জড়াতে। গোল করেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা এবং মিডফিল্ডার সোহেল রানা।
আরেকটি ভাবনা শোমিত সোমকে নিয়ে। কানাডার লিগে খেলা এই মিডফিল্ডারকে সেরা একাদশে রাখতে হলে কাটছাট করতে হবে কাবরেরারা। অথচ ভুটান ম্যাচে হামজা, জামাল, সোহেল সবাই আলো ছড়িয়েছেন। এই স্প্যানিশ কোচ আপাতত সিঙ্গাপুর ম্যাচের সেরা একাদশ, ফরোয়ার্ডদের গোল খরা-এগুলো নিয়ে ভাবছেন না। হাতে সময় থাকায় প্রস্তুতিতে সবাইকে পরখ করে সিদ্ধান্ত নিতে চান তিনি।
“দেখা যাক, শোমিতের ভূমিকা কি হয়? সে দারুণ সক্রিয় এবং সব বিষয়ে খোলামেলা, কিন্তু আমাদের দেখতে হবে সে কেমন খেলে, কীভাবে দলের সাথে মাঠে মানিয়ে নেয়। তার কাছে অনেক অনেক প্রত্যাশা আমাদের। (ফরোয়ার্ডদের গোল না পাওয়া নিয়ে) যদি আমরা প্রতি ম্যাচে দুই গোল করতে পারি, আমি মনে করি, আমরা জয়ের খুব কাছাকাছি থাকব।”
“কাকে রেখে কাকে নেব… আমার জন্য এটা দারুণ সমস্যা। অনেকগুলো পজিশনে ভীষণ প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। দেখা যাক কি হয়। আমি বলতে পারি, এই চার দিনের প্রস্তুতিতে অনেক কিছুই হতে পারে। সিঙ্গাপুর-বাংলাদেশ একই মানের হলেও তাদের আক্রমণভাগ গতিময়। তবে ওদের বিপক্ষে যে সুযোগটা আছে, আমাদের সেটা নিতে হবে।”
