২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে নির্বাচনে তাবিথের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সংগঠক মিজানুর

তৃণমূলের এই সংগঠক ফুটবলের সোনালী দিন ফেরানোর লক্ষ‍্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাল ধরতে চান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

দিনাজপুরে কারো কাছে তিনি ‘ফুটবল পাগল মিজান’, কারো কাছে তিনি ‘মিজান আঙ্কেল।’ তৃণমূলের ফুটবল সংগঠক এ এস এম মিজানুর রহমান চৌধুরী আলোচনায় এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র কিনে।

দিনাজপুরের সম্ভ্রান্ত পরিবারে জন্ম মিজানুরের; তার পিতা অধ্যক্ষ এ এম তাছিরউদ্দিন আহমেদ চৌধুরী; যিনি ছিলেন নামকরা শিক্ষাবিদ। মিজানুরের ভাই মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহবুবুর রহমান (বীর উত্তম-মরণোত্তর)।

মিজানুর পেশায় একসময় ছিলেন ব্যাংকার, কিন্তু তার নেশা ছিল ফুটবল নিয়ে। দিনাজপুরের বড় মাঠে তিনি তৃণমূল, ছিন্নমূল শিশুদের নিয়ে ফুটবলের কার্যক্রম চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। এর জন্য আর্থিক সুবিধা নেন না, বরং ফুটবল শিখতে আগ্রহীদের কেউ অর্থ কষ্টে থাকলে, তা দূর করার চেষ্টা করেন।

মূলত ফুটবলের প্রতি এই নেশার কারণেই ব্যাংকের চাকরি চালিয়ে যেতে পারেননি বলে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন মিজানুর।

“আমার স্বপ্ন, চাওয়া-পাওয়া সবকিছুই ফুটবলকে ঘিরে। ফুটবলের জন্য চাকরিটাও চালিয়ে যেতে পারিনি। ফুটবলে আমাদের আশির দশকে সোনালী দিন ছিল, সেটা হারিয়ে গেছে। ২০০৩ সালে আমরা সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ (ছেলেদের) জিতেছি; একসময় আমাদের র‌্যাঙ্কিং ছিল ১৫০-এর কাছাকাছি, এখন সেটা অনেক পিছিয়েছে।”

“সোনালী দিন টেনে বর্তমানে নিয়ে আসতে হবে। আমার অর্থ-কড়ি নেই, কিন্তু সদিচ্ছা আছে। যদি কাউন্সিলররা মনে করেন, আমাকে দিয়ে ফুটবলের উন্নতি হবে, তাহলে তারা আমাকে ভোট দেবেন।”

জাতীয় দলে খেলা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মজিবুর রহমান জনি তার হাতে গড়া বলেও জানালেন মিজানুর। আরও বড় পরিসরে কাজ করতে বাফুফে সভাপতি হতে চান ৭০ বছর বয়সী এই সংগঠক।

“জীবনের দীর্ঘ সময় আমি তৃণমূলের ফুটবল নিয়ে কাজ করেছি। এই বয়সে এসে মনে হচ্ছে, আরও বড় পরিসরে কাজ করি।”

মিজানুরের বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে চাউর হয়েছে এরই মধ্যে। অনেকেই তৃণমূলের এই সংগঠককে ‘নিঃস্বার্থ’, ‘ভালো মানুষ’ বলে প্রশংসা করছেন।