সমালোচনা মেনে নিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি আরবেলোয়ার
লা লিগায় পরের ১২ ম্যাচে ৩৬ পয়েন্টের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার কথা বললেন রেয়াল মাদ্রিদ কোচ।
শাবি আলোন্সোর বিদায়ের সময় যে অবস্থানে ছিল, আলভারো আরবেলোয়ার সময়ে উত্থান-পতনের চক্র ঘুরে সেখানেই যেন ফিরে এসেছে রেয়াল মাদ্রিদ। এই পরিস্থিতিতে সমালোচনা মেনে নিচ্ছেন দলটির কোচ। একই সঙ্গে পরের ১২ ম্যাচে ৩৬ পয়েন্টের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।
ব্যবধান ঘুচিয়ে এক সময়ে বার্সেলোনার চেয়ে এগিয়েও গিয়েছিল রেয়াল। কিন্তু ওসাসুনার পর বুধবার গেতাফের বিপক্ষেও হেরে উল্টো এখন ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে লা লিগার সফল দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমালোচনা মেনে নিলেন আরবেলোয়া। তবে হাল না ছাড়ার প্রত্যয়ও জানালেন রেয়াল কোচ।
“এখনও ৩৬ পয়েন্টের খেলা বাকি। আমাদের একমাত্র লক্ষ্য এই পয়েন্টগুলো পাওয়া। এখন যে পার্থক্য আছে, আমরা মনে করি এটা কমিয়ে আনতে পারব। এটা রেয়াল মাদ্রিদ এবং এখানে কেউ হাল ছাড়বে না।”
১-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে গোলের অনেক সুযোগ পেয়েছিল রেয়াল। সেগুলো কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়ছেন আরবেলোয়া।
“আমরা গেতাফের চেয়ে পরিষ্কার সুযোগগুলো পেয়েছিলাম। এই ম্যাচে আমরা অনেক কিছুতেই আরও ভালো করতে পারতাম। আমরা ওদের চেয়ে পরিষ্কার সুযোগ বেশি পেয়েছিলাম। ভিনিসিউস, রুডিগার, রদ্রিগো… এগুলোসহ কিছু সুযোগ ছিল যেগুলো গোল হতে পারত।”
দুয়েকজন ব্যতিক্রম ছাড়া এদিন দুয়ো শুনেছে রেয়ালের সবাই। ম্যাচ শেষ হওয়ার আগে দর্শকদের একটা অংশ মাঠও ছেড়েছেন। এ নিয়ে প্রশ্নে খেলোয়াড়দের নয়, দায় নিজের কাঁধে নিলেন আরবেলোয়া।
“আমি জানি, এই মুহূর্তে সব খুব ফাঁকা মনে হচ্ছে। যখন আপনি এভাবে হারবেন তখন খুব বেশি আশা থাকে না। সামনে সেল্তা ভিগোর বিপক্ষে আমাদের কঠিন একটি ম্যাচ আছে। তবে আমি খেলোয়াড়দের চেষ্টার সমালোচনা করতে পারি না। এর দায় আমার? অবশ্যই আমার।”
