লিগে সুযোগ পাচ্ছে ‘অবনমিত’ আরামবাগ ও ফকিরেরপুল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির রোববারের জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
গত মৌসুমে বিবর্ণ পারফরম্যান্সে পরের ধাপে নেমে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সভায়, অবনমিত এই দুই দলকে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিএসএল) থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দলের শীর্ষ লিগে উঠে আসে। সে হিসাবে চট্টগ্রাম সিটি ও সিটি ক্লাবের খেলার কথা ২০২৬-২৭ মৌসুমের লিগে। তবে, তৃতীয় হওয়া ঢাকা ওয়ান্ডারার্সও আবেদন করেছিল, তাদের আবেদনও গৃহীত হয়েছে রোববারের জরুরি সভায়।
গত লিগে ১৮ ম্যাচে তিন জয় ও পাঁচ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে অষ্টম হয় আরামবাগ। দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স।
লিগের শীর্ষ দুই ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংসের উপর এ মুহূর্তে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। লিগে ১০ দলের ‘কোটা’ পূরণ করতে জরুরি সভায় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আরামবাগ ও ফকিরেরপুলের জন্য দুয়ার উন্মুক্ত করে দিয়েছে বাফুফে। বিবৃতিতে অবশ্য তিন দলকে ‘আমন্ত্রণ’ জানানোর কথা লিখেছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
“বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ উপলক্ষে তিনটি ক্লাবকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ মৌসুমে কমপক্ষে ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আসছে লিগে খেলার জন্য দলগুলোকে ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত শর্তগুলো পুরণের তাগিদও দিয়েছে বাফুফে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান দলবদলের সময়সীমা রয়েছে। তবে বাফুফের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া ৪ অগাস্টের মধ্যে সম্পন্ন করতে হবে ক্লাবগুলোকে।
