২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপে নিজেই বলেছিলেন, ‘আর পারছি না’

এমবাপে নিজে থেকেই ক্লান্তির কথা বলায় তাকে তুলে নেওয়া হয়েছিল, অধিনায়কের সততার প্রশংসা করলেন ফ্রান্সের কোচ দেশম ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 11:42 AM

Updated : 26 Aug 2026, 09:56 AM

টাইব্রেকার যখন শুরু হলো, কিলিয়ান এমবাপে তখন ডাগআউটে। বেশ বিরল ব্যাপারই বটে। টাইব্রেকারের তার গোল তো একরকম ধরাবাঁধাই। ম্যাচ টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা যখন যথেষ্টই প্রবল, তখনই অধিনায়ককে তুলে নেন কোচ দিদিয়ে দেশম। ম্যাচের পর ফ্রান্সের কোচ জানালেন, এমবাপে নিজে থেকেই ক্লান্তির কথা বলায় তাকে আর মাঠে রাখেননি তিনি।

পর্তুগালের বিপক্ষে ইউরোর কোয়ার্টার-ফাইনালের ১০৫তম মিনিটে তুলে নেওয়া হয় এমবাপেকে। টুর্নামেন্টজুড়ে প্রত্যাশা পূরণ করতে না পারা এই ফরোয়ার্ড এ দিনও ছিলেন ম্রিয়মান। অনেকটা নিজের ছায়া হয়েই ছিলেন তিনি। তারপরও ম্যাচ যখন টাইব্রেকারের দিকে গড়াচ্ছে, তখন তাকে তুলে নেওয়াটা কিছুটা বিস্ময়করই ছিল।

তবে ম্যাচ শেষে কোচ দেশম জানালেন, সিদ্ধান্তটির পেছনে বড় প্রভাবক ছিলেন স্বয়ং এমবাপেই।

“সে সবসময়ই আমার কাছে ও দলের প্রতি সৎ। যখন তার মনে হয় যে, গতি ধরে রাখতে পারছে না বা নিজের সেরা অবস্থায় নেই (নিজে থেকেই সেটা বলে দেয়)… সত্যি বলতে, সে খুবই ক্লান্ত অনুভব করছিল।”

ইউরোর প্রথম ম্যাচেই নাক ভেঙে যাওয়ার পর মাস্ক পরে খেলছেন এমবাপে। এজন্য তার যে অস্বস্তি হচ্ছে, এই ম্যাচের আগেই তা বলেছিলেন কোচ। এছাড়া পেশির সমস্যাও কিছু ভোগাচ্ছে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে। 

দেশম বললেন, অতিরিক্তি ৩০ মিনিটের প্রথমার্ধেই এমবাপেকে দেখে ক্লান্ত মনে হচ্ছিল তার। এরপর এই তারকা নিজে থেকেই বলায় কাজটা সহজ হয়ে যায় কোচের জন্য।

“অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তাকে দেখে মনে হচ্ছিল, সে ধুঁকছে। এরপর আর কোনো কারণ ছিল না (তাকে মাঠে রাখার)… কিলিয়ান নিজেও সবসময় আমার কাছে ও দলের প্রতি সততা দেখিয়েছে। কাজেই তাকে তুলে নিয়ে মাঠে নতুন প্রাণের সঞ্চার করাটাই ছিল স্বাভাবিক।”

ম্যাচের পর এমবাপে নিজেও এটা নিশ্চিত করে দেন, “আমিই বলেছিলাম আমাকে তুলে নিতে… অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে তাকে (কোচ) বলেছি, ‘আর পারছি না’, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম।”

ফ্রান্স সেমি-ফাইনালে উঠলেও এখনও পর্যন্ত দল হিসেবে তারা যেমন খুব ভালো ছন্দে নেই, তেমনি এমবাপেও নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই। ‘ওপেন প্লে’ থেকে কোনো গোল না করেই তারা পৌঁছে গেছে সেমি-ফাইনালে। গোটা আসরে পাঁচ ম্যাচে তারা নিজেরা গোল করতে পেরেছে কেবল একটি। পেনাল্টি থেকে সেই গোলটি করেছিলেন এমবাপে। এছাড়া তার বা দলের খেলায় চেনা সেই ধার নেই।

পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে কোচ বলেছিলেন, এই ম্যাচে এমবাপের জ্বলে ওঠার অপেক্ষায় তিনি। কিন্তু সেই আশাও পূরণ হয়নি। তবে টাইব্রেকারে জিতে উতরে গেছে ফ্রান্স। 

টাইব্রেকারে মাঠে না থাকলেও সাইডলাইন থেকে অবশ্য দারুণভাবে দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে গেছেন এমবাপে। জয়ের পর বাঁধনহারা উল্লাসে মেতে উঠতেও দেখা গেছে তাকে।