Published : 20 Oct 2025, 07:45 PM
থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ২১ দিনের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। মঙ্গলবার দেশটির উদ্দেশ্যে উড়াল দেবে মেয়েরা। আগামী বছর মার্চের উইমেন’স এশিয়ান কাপের জন্য প্রস্তুত হতেই মূলত এই সফরে যাচ্ছে বাংলাদেশ দল। তাই থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে কোচ পিটার জেমস বাটলার গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে।
আফঈদা, মনিকাদের লড়াকু মেজাজে দেখতে চাওয়ার যৌক্তিক কারণও আছে। শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়েও তাদের (৫৩তম) ধারে-কাছে নেই বাংলাদেশ (১০৪তম)।
তাছাড়া ভুটানের লিগে খেলা ৯ জনকে নিয়ে প্রস্তুতি নেওয়ার বেশি সময়ও পাননি বাটলার। ২৪ ও ২৭ অক্টোবরের দুই প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ তাই বললেন, মেয়েদের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের প্রত্যাশা তার।
“আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের বাস্তববাদী হতে হবে। তবে তারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হারতে পারি বা হারতে যাচ্ছি, এই মনোভাব নিয়ে সেখানে যেতে পারি না আমরা।”
“হার বা জিতের মানসিকতা নয়, এই ধরণের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই, তা নিয়ে কখনও কখনও আমাদের বাস্তববাদী হতে হবে। আমি চাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স। দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে। কেননা, এটা দলের সবার জন্য, এমনকি ভুটান থেকে যে ৯ জন ফিরেছে, তাদের জন্যও এটা বড় পদক্ষেপ।”
বাটলারের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান। বাদ পড়েছেন ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি। ভুটানে লিগে খেলা ৯ জনের মধ্যে চার জন ফিরেছেন তিন দিন আগে, বাকিরা এক দিন আগে। তবে দলের সাথে মনিকা-ঋতুপর্ণাদের মানিয়ে নেওয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাটলার।
“৯ জনের মধ্যে চার জন ভুটান থেকে ফিরে দু দিন প্রস্তুতি নিয়েছে। পাঁচ জন এক দিন অনুশীলন করেছে। মানিয়ে নেওয়া তাদের জন্য বেশ কঠিন হলেও আমি মনে করি, আমরা কীভাবে কাজ করি, সেই অভিজ্ঞতা তাদের আছে। তাই এই মেয়েদের নিয়ে কোনো সমস্যা দেখছি না। তারা জানে, আমরা কীভাবে খেলি।”
মানিয়ে নেওয়ার প্রসঙ্গে কোচের সাথে সুর মেলালেন অধিনায়ক আফঈদা খন্দকারও।
“তাদের সঙ্গে ক্যাম্পে ৭-৮ বছর এক সঙ্গে থাকছি। আমরা একে অপরকে ভালো করে জানি। গত দুই দিন অনুশীলন করেছি কয়েক জনের সঙ্গে৷ কোনো সমস্যা হয়নি। আশা করছি, বাকিদের ক্ষেত্রেও একই রকম হবে। কোনো সমস্যা দেখছি না।”
বাংলাদেশ দল: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহলা মারমা, শাহেদা আক্তার, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।