২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-হংকং ম্যাচের সার্ভার ক্র্যাশ হলে ১০ লাখ জরিমানা

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে হলে দর্শকদের সর্বনিম্ন ৪০০ টাকা গুনতে হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

জাতীয় স্টেডিয়ামে গত জুনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট অনলাইনে কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন সমর্থকরা। সার্ভার ক্র্যাশ হওয়ায় নানা ঝক্কি-ঝামেলাও পোহাতে হয়েছিল তাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও (বাফুফে) মুখোমুখি হতে হয়েছিল নানা প্রশ্নের। এবার তাই টিকেট বিক্রি ইস্যু নিয়ে সতর্ক পদক্ষেপ আগেভাগেই নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এ উপলক্ষে বুধবার বাফুফের কম্পিটিশন্স কমিটি বসেছিল আলোচনায়। সেখানেই নানা বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।

“৯ অক্টোবরের বাংলাদেশ–হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে কাজ শুরু করেছি। এবার টিকেটিং পার্টনার হিসেবে থাকছে কুইকেট। আশা করছি, ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকেট পাওয়া যাবে। গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে একজন দর্শকের সর্বনিম্ন খরচ পড়বে ৪০০ টাকা।”

গত ১০ জুনের ম্যাচের টিকেট বিক্রির দায়িত্ব পেয়েছিল টিকিফাই। কিন্তু টিকেট বিক্রি শুরুর পর হঠাৎ করেই সার্ভার ডাউন হয়ে যায়। ফলে প্রায় দুই দিন টিকেট বিক্রি বন্ধ ছিল। যে কারণে টিকেট কিনতে পারেননি মাঠে বসে হামজা-শোমিতদের খেলা দেখতে মুখিয়ে থাকা অনেক সমর্থক। এবার তাই চুক্তিতে জরিমানার শর্ত যোগ করা হয়েছে বলে জানিয়েছেন তাজওয়ার।

“কোনো কারণে সিস্টেম ক্র্যাশ করলে বা সাইবার আক্রমণ হলে বাফুফেকে ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে প্রতিষ্ঠানটিকে। আমরা টিকেটিং পার্টনারকে এমন একটি পেনাল্টি ক্লজ দিয়ে দিয়েছি।”

বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ভারতের বিপক্ষে ড্রয়ের ফলে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে দলের অবস্থান তিনে। 

হংকং ম্যাচ সামনে রেখে চলতি মাসের শেষের দিকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এ ম্যাচ খেলতে ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর। এর এক দিন পর ৭ অক্টোবর আসতে পারেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা মিডফিল্ডার শোমিত সোম।