২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের চেয়ে আমরাও কম নই, আমরাও প্রস্তুত’

সেরা একাদশে জায়গা পাওয়ার লড়াই উপভোগ করছেন গত সাফে পাকিস্তানের বিপক্ষে গোল করা ফরোয়ার্ড ঋতুপর্না চাকমা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2024, 03:45 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

২৩ জনের স্কোয়াডে ফরোয়ার্ড ৮ জন। সাবিনা খাতুন, তহুরা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্না চাকমা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, মাতসুশিমা সুমাইয়া ও সানজিদা আক্তার- এই আট জনের মধ্যে চলছে সেরা একাদশের আক্রমণভাগে জায়গা পাওয়ার তুমুল লড়াই। নিজেদের মধ্যে চলা এই লড়াই বেশ উপভোগ করছেন ঋতুপর্না। 

এই ফরোয়ার্ড বলেছেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আক্রমণভাগের সবাই। যার সামনেই সুযোগ আসবে, সেই নিংড়ে দেবে শতভাগেরও বেশি।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযান বাংলাদেশ শুরু করবে আগামী রোববার, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গতবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্নারা।

গত আসরের সর্বোচ্চ গোলদাতা (৮টি) সাবিনা এবারও বাংলাদেশ দলের আক্রমণভাগের প্রাণভোমরা। তহুরা খাতুন, ঋতুপর্না, সানজিদারাও অভিজ্ঞ এবং পরীক্ষিত। ভুটানের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করে আক্রমণভাগে জায়গা পাওয়ার জোরাল দাবি তুলে রেখেছেন প্রথমবারের মতো সাফে খেলতে আসা সাগরিকাও। 

আক্রমণভাগে জায়গা পাওয়ার এই লড়াই বেশ উপভোগ্য ঋতুপর্নার কাছে। গতবার চার গোল করা স্বপ্না দলে না থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“আমাদের যে ২৩ জনের স্কোয়াড, এখানে সবার (মান) ১৯-২০। যে যখনই মাঠে নামুক, সবাই চেষ্টা করবে ১২০ শতাংশ দেওয়ার। আমরা যে শিরোপাধারী, সেটার ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব।”

“আগেও বলেছি, আমাদের সবার মানে খুব বেশি পার্থক্য নেই। যে যে পজিশনেই খেলুক, সবাই সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবে। আমরা তো ওই পজিশন ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করছি।”

ভারত ও পাকিস্তানের উদ্বোধনী ম‍্যাচ সতীর্থদের সাথে মাঠে বসে দেখেছেন ঋতুপর্নাও। সেই দেখা থেকে তারও মনে হচ্ছে, মাঝের সময়ে উন্নতি করেছে পাকিস্তান। তবে, তাদের হারিয়ে গ্রুপ পর্বের যাত্রা শুরু করতে দারুণ আত্মবিশ্বাসী ঋতুপর্না। প্রতিপক্ষের আক্রমণভাগের গতিময় ফরোয়ার্ডদের নিয়ে ঘাবড়ানোর কিছু দেখছেন না তিনি।

“গত সাফের থেকে এবারের সাফে যে সাতটা দল এসেছে, তারা শক্তিশালী। সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। গতকাল আমরা পুরোটা সময় ভারত-পাকিস্তানের ম্যাচ দেখলাম, সামনে পাকিস্তানের বিপক্ষে খেলব, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কেননা, আমি মনে করি, গত সাফের চেয়ে পাকিস্তান অনেকটা উন্নতি করেছে।”

“আমরাও প্রস্তুত। আমরাও তাদের থেকে কম নই। আমাদের যে খেলা, সেটার ধারাবাহিকতা ধরে রাখার এবং দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব।”

পাকিস্তানের বিপক্ষে ভারত জেতায় একটা সমীকরণ সহজ হয়ে গেছে বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে জিতলে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে সাবিনা-মনিকাদের। বড় ব্যবধানে জিতলে ভারতের বিপক্ষে ড্র করলেও গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকবে।

গতবার পাকিস্তানকে ছয় গোল দিয়েছিল বাংলাদেশ। এবার তেমন কিছুর পুনরাবৃত্তি হবে কিনা, তা নিয়ে দোটানায় ঋতুপর্না। ম্যাচের পরিস্থিতির ওপর এই ফরোয়ার্ড ছেড়ে দিলেন সবকিছু।

“ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে আমাদের যে সহজাত খেলা, সেটার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।”