২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র-সিনিয়র ‘সিন্ডিকেট’ বলে কিছু নেই, বললেন সাবিনা

সিনিয়র-জুনিয়র-কোচ, এই ত্রিমুখী দ্বন্দ্ব নিয়ে চাউর হওয়া ইস্যুতে সাবিনা খাতুনের দাবি, দলে কোনোরকম বিভেদ নেই।

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 07:59 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

তর্ক-বিতর্ক নিয়ে কোনো আপত্তি নেই সাবিনা খাতুনের। সমালোচনাও মেনে নিতে রাজি অধিনায়ক। তবে তার চাওয়া, সেগুলো হোক ইতিবাচক। দলের মধ্যে বিভেদের কোনো স্রোত বইছে না, সিনিয়র-জুনিয়র ‘সিন্ডিকেট’ নেই, এমন দাবি করে এই তারকা ফরোয়ার্ড বললেন, যে বিতর্ক দলের জুনিয়রদের মনে বিরূপ প্রভাব ফেলে, তা চাউর হওয়া উচিত নয়।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমি-ফাইনালে ওঠা বাংলাদেশ বৃহস্পতিবার কোনো অনুশীলন করেনি। জিমনেশিয়ামে কিছুটা সময় কাটিয়েছেন সাবিনা-মারিয়া-আফিদারা। বাকিটা সময় হোটেলের আঙিনায় ঘুরে, ফিরে, খোশগল্প করে পার করেছেন।

এক ফাঁকে গণমাধ্যমের সাথে কথা বলতে এসে সাবিনা কথা বলেন, হঠাৎ করে মাথা চাড়া দিয়ে ওঠা দলের মধ্যে চলা দ্বন্দ্বের খবর নিয়ে। বিতর্কের ইতিবাচক-নেতিবাচক দুই দিকই দেখালেন অধিনায়ক।

“তর্ক বিতর্ক থাকবেই। তর্ক, বিতর্ক হলেই চ্যালেঞ্জ নেওয়া যায়, ভালো করা যায়। আমি এটাকে ইতিবাচক হিসেবে নিই। হয়ত আমাদের মাঝে কিছু ঘাটতি আছে বলেই বিতর্ক হচ্ছে। ওই জায়গা থেকে নিজেদের আরও ভালো করার চ্যালেঞ্জ থাকে; আমার মনে হয়, সেটাই মেয়েরা করেছে (ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়েছে)।”

“মেয়েদের কাজই তো খেলা। বিতর্ক ইতিবাচক-নেতিবাচক যাই হোক, এটা আসলে যে যেভাবে নেবে, সেভাবে চলবে। আসলে এখানকার মেয়েরা ছোট, তাই বিতর্ক সবার জন্য প্রযোজ্য নয়। কারণ যেটা হচ্ছে, সেটা আমি নিতে পারব, কিন্তু জুনিয়ররা নিতে পারবে না। তাদের মানসিকতার ব্যাপার আছে, তারা এতে দুঃখ পায়। বিতর্ক হোক কিন্তু সেটা ইতিবাচকভাবে, যাতে আসলে মেয়েরা ভালো করতে পারে।” 

সিনিয়র-জুনিয়রদের মধ্যে বনিবনা না হওয়ার খবর গণমাধ্যমের সৃষ্টি বলেও ক্ষোভ উগরে দেন সাবিনা। কৌতুকপূর্ণ হাসি দিয়ে ‘সিন্ডিকেট’ শব্দের অন্যরকম এক ব্যাখ্যাও দিলেন সাফের গত আসরের সর্বোচ্চ গোলদাতা।

“সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব যেটা মিডিয়া থেকে জানতে পেরেছি। এটা আসলে আমার মনে হয় যে…(হাসি), খুব একটা অদ্ভুত ব্যাপার। এটা গণমাধ্যম থেকে সৃষ্টি হয়েছে, এটা আসলে হওয়া উচিত ছিল না। সিনিয়র, জুনিয়র যে সিন্ডিকেট কথাটা আসছে, জুনিয়রদের চাপে রাখা হয়। কখনও যদি ছুটি হয় (ক্যাম্পে) সিনিয়ররা যখন বাসায় যায়, যখন বাসা থেকে ক্যাম্পে ফিরে, তখন জুনিয়রদের জন্য খাবার নিয়ে আসার চেষ্টা করে। সিনিয়ররা যদি কখনও ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যায়, যদি জুনিয়র রুমমেট থাকে, তারা চেষ্টা করে তাদের নিয়ে যাওয়ার, এটা যদি আপনাদের কাছে সিন্ডিকেট মনে হয়, তাহলে সিন্ডিকেট।”

“আমরা জুনিয়রদের যথেষ্ট ভালোবাসি। আদর-স্নেহ করি। এইটা যদি সিন্ডিকেট হয় তাহলে এটা ভালো না! এটা জুনিয়রদের কাছে জিজ্ঞেস করেন। আপনারা যা চিন্তাও করতে পারেন না, আমরা তার চেয়েও জুনিয়রদের বেশি ভালোবাসি।”

সাবিনার কথার মধ্যেই অবশ্য কোচ পিটার জেমস বাটলারের সাথে টানাপোড়েন চলার ইঙ্গিতও পাওয়া গেল কিছুটা। বর্তমান কোচ কী দলকে অনুপ্রাণিত করতে পারছে না-এমন প্রশ্নের জবাবে সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের প্রসঙ্গ পেড়ে বসলেন অধিনায়ক।

“এটা আসলে অনুপ্রাণিত করার ব্যাপার না, উনি সংক্ষিপ্ত সময়ে আছেন। প্রতিটা কোচের দর্শন আলাদা। ১৪ বছরের সম্পর্কের সাথে ৬ মাসের সম্পর্কের ইয়েটা (তুলনাটা) করতে চাই না। দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। একজন হয়তো একভাবে কাজ করতে পছন্দ করেন, আরেকজন আরেকভাবে। তাদের কাজ করাটাকে সম্মান করি। পেশাদার ক্ষেত্রে আমার এটা মানা উচিত এবং তিনি যা করছেন তা সম্মান করি।”