২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলভস ম্যাচে আলিসনকে পেতে আশাবাদী স্লট

দলের প্রথম পছন্দের গোলরক্ষকের অনুশীলনে ফেরার কথা জানিয়েছেন লিভারপুল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

পেশির সমস্যা কাটিয়ে উঠেছেন আলিসন। দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি। দলের প্রথম পছন্দের গোলরক্ষককে তাই পরের ম্যাচে পাওয়ার আশায় আছেন লিভারপুল কোচ আর্না স্লট।  

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে আসছে ম্যাচে আলিসনকে পাওয়ার সম্ভাবনার কথা বলেছেন স্লট।

“আমরা মনে করি, সে ফিরতে প্রস্তুত। সে গতকাল সেশনের কিছু সময় অনুশীলন করেছে। আশা করছি, আজকে সে পুরো সেশন অনুশীলন করবে।”

গত ১৭ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে লড়াইয়ের আগেই পেশিতে সমস্যা অনুভব করেন আলিসন। তবুও ম্যাচটি খেলেন তিনি; ৩-১ গোলে জেতে লিভারপুল। সেদিন মাঠে নামার ফলে সেই সমস্যা আরও বেড়ে যায়।

যে কারণে দলের সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। তার জায়গায় পোস্ট সামলান আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। লিগের ম্যাচে বোর্নমাউথকে ৩-০ এবং লিগ কাপে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে হারানোর ম্যাচে ভালোই করেন তিনি।

৩১ বয়সী আলিসনের ফেরার স্বস্তির পাশাপাশি কেলেহারের পারফরম্যান্সেরও প্রশংসা করেন স্লট। ডাচ এই কোচের মতে, লিভারপুল দলের গভীরতা বিশাল।

“আমরা সত্যিই খুশি। তবে আমি বিশেষভাবে বলতে চাই, কেলেহারকে নিয়ে দুটি ম্যাচে আমরা সত্যিই ভালো করেছি। কিছু পজিশনে আমাদের দুই-তিনজন ভালো বিকল্প আছে, এটি তার আরেকটি উদাহরণ।”

লিগ টেবিলে ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।