৬ বছরের চুক্তিতে বার্সায় দানি ওলমো
দিনামো জাগরেব ও লাইপজিগ ঘুরে এক দশক পর বার্সেলোনায় ফিরলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বেশ কিছুদিন ধরে চলছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড দানি ওলমো।
২৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় লা লিগার দলটি। চুক্তি হয়েছে ছয় বছরের। ‘বাই আউট ক্লজ’ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।
ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। ফুটবল ওয়েবসাইট ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে বার্সেলোনার খরচ হবে সাড়ে ৫ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ খরচ হতে পারে আরও ৭০ লাখ ইউরো।
এক দশক পর বার্সেলোনায় ফিরলেন ওলমো। ২০০৭ সালে এস্পানিওল থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। যুব পর্যায়ে সেখানে কাটান সাত বছর। সেখান থেকে ২০১৪ সালে পাড়ি জমান ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগরেবে।
দলটির হয়ে ১২৪ ম্যাচ খেলে তিনি গোল করেন ৩৪টি, জেতেন পাঁচটি লিগ শিরোপা, তিনটি ক্রোয়েশিয়ান কাপ ও একটি ক্রোয়েশিয়ান সুপার কাপ। দেশটিতে দুবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জেতেন তিনি। দিনামোর হয়েই তার অভিষেক হয় চ্যাম্পিয়ন্স লিগে।
২০২০ সালে তিনি যোগ দেন লাইপজিগে। জার্মান দলটির হয়ে পাঁচ মৌসুমে ১৪৮ ম্যাচে গোল করেন ২৯টি। দুবার জার্মান কাপ ও একবার জার্মান সুপার কাপ জয়ের স্বাদ পান তিনি।
স্পেন জাতীয় দলের হয়ে ওলমোর অভিষেক হয় ২০২০ সালে, ইউরোর বাছাইয়ে। জালের দেখা পান প্রথম ম্যাচেই।
গত মাসে স্পেনের ইউরো জয়ে তার ছিল বড় অবদান। ৬ ম্যাচে ৩ গোল করে তিনি ছিলেন যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার। এছাড়া দুটি অ্যাসিস্টও করেন তিনি।
আগামী ১৭ অগাস্ট ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের বার্সেলোনা।
