ইংলিশ ফুটবল
Published : 16 Sep 2024, 05:41 PM
ফুটবল পঞ্জিকা নিয়ে অভিযোগ উঠছে কয়েক বছর ধরেই। খেলোয়াড় থেকে শুরু করে কোচরাও একরকম অতিষ্ঠ ঠাসা সূচি নিয়ে। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মানুয়েল আকঞ্জি মজা করে বলছেন, এভাবে ম্যাচের সংখ্যা বাড়তে থাকলে হয়তো ৩০ বছর বয়সেই বুট জোড়া তুলতে রাখতে বাধ্য হবেন তিনি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২৯ বছর বয়সী আকঞ্জি চলতি মৌসুমে এরই মধ্যে খেলেছেন সাত ম্যাচ। গত মৌসুমের শেষ ম্যাচটি খেলেন তিনি গত ৬ জুলাই, যখন ইউরোর কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় সুইজারল্যান্ড। ইংল্যান্ডে ২০২৪-২৫ মৌসুমে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন তিনি ১০ অগাস্ট, কমিউনিটি শিল্ডে।
আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে সিটি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগে গ্রুপ পর্বে ম্যাচ খেলতে হতো ৬টি। এখন নেই গ্রুপ পর্ব, রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রথম রাউন্ডে প্রতিটা দল খেলবে ৮টি করে ম্যাচ। শেষ ষোলোর আগে খেলা লাগতে পারে দুই লেগের প্লে-অফও।
সিটি মৌসুম শেষ করবে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে। যেটির ফাইনাল হবে ১৩ জুলাই। এর সপ্তাহ চারেক পরই শুরু হয়ে যেতে পারে পরের মৌসুমের প্রিমিয়ার লিগ।
ব্যস্ত সূচি নিয়ে হতাশা প্রকাশ করে আকঞ্জি প্রশ্ন ছুড়লেন, বিশ্রামের সময়টা কীভাবে পাবেন তারা।
“খুব কঠিন। শুধু এই মৌসুমের কথাই না, পরের মৌসুম নিয়েও ভাবুন। ধরা যাক, আমরা লিগ বা কাপ জিতব, তারপর ক্লাব বিশ্বকাপের ফাইনালে যাব; এর তিন সপ্তাহ পরই কমিউনিটি শিল্ড। তাহলে আমরা ছুটি পাব কখন?”
“শীতকালে কোনো বিরতি নেই, তাই ভাগ্যবান হলে আমরা দুই সপ্তাহ সময় পাব, এরপর আমাদের ফিরে আসতে হবে এবং পরের মৌসুম শুরু করতে হবে। পরের গ্রীষ্মে বিশ্বকাপ আছে। যেন কোনো শেষ নেই।”
সিটির হয়ে গত দুই মৌসুমেই ৪৮টি ম্যাচ খেলেছেন আকঞ্জি। ২০২২ সালের সেপ্টেম্বরে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি খেলেছেন ১২৭ ম্যাচ।
“ম্যাচের পর ম্যাচ এবং আমি জানি না আগামী কয়েক বছরে কেমন হবে। আপনারা (কর্তৃপক্ষ) শুধু ম্যাচের পর ম্যাচ অন্তর্ভুক্ত করতে পারেন না এবং ধরে নিতে পারেন না যে, সবকিছু আগের মতো হবে। খেলোয়াড়দের নিয়েও ভাবতে হবে।”
“কোনো একটা সময়ে খেলোয়াড়রা আর কোনো ম্যাচ খেলতে খুব ক্লান্ত বোধ করবে। তারপর চোট আসবে, অবশ্যই। আমরা যতটা সম্ভব কঠোর অনুশীলন করি এবং ফিট থাকি, তবে একটা সীমা থাকতে হবে। হয়তো আমি ৩০ বছর বয়সে অবসর নেব।”