২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অন্তত একটি গোল চান কাবরেরা

মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে গোলের জন্য পুরোনো হাহাকার নতুন করে বেজে উঠল বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2024, 07:31 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

প্রথম ম্যাচে ফিনিশিংয়ের ব্যর্থতায় মেলেনি গোল। পোস্টও একবার আগলে দাঁড়িয়েছিল পথ। শেষ পর্যন্ত হারের বিষাদ হয়েছিল সঙ্গী। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে শোনা গেল তাই গোল নিয়ে সেই পুরোনো হাহাকার। এবার খুব করে জালের দেখা পেতে চান তিনি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

নিজেদের আঙিনায় প্রথমবারের মতো মালদ্বীপের বিপক্ষে হারের পর বৃহস্পতিবার রিকভারিতে মনোযোগ দেন কাবরেরা। শুক্রবার দল ফেরে মাঠের অনুশীলনে। দ্বিতীয় ম্যাচের লক্ষ্য, কৌশল নিয়ে কথা বলতে গিয়ে এই স্প্যানিশ কোচ ফিরে তাকালেন প্রথম ম্যাচের দিকেই।

“প্রথম ম্যাচের পরই আমি বলেছিলাম, ভালো ও ইতিবাচক খেলার পর এমন ফল পাওয়াটা কষ্টদায়ক ছিল। আসলে জয়ের উচ্চাশা ছিল সবার, যেটা আমরা অর্জন করতে পারিনি। এটা মানসিকভাবে খেলোয়াড়দের জন্য কঠিন।”

“গতকাল শারীরিক ও মানসিকভাবে ছেলেদের রিকভারি হয়েছে। আজকের ট্রেনিং সেশন নিয়ে আমরা ইতিবাচক। ছেলেরা শারীরিক ও মানসিকভাবে সতেজ হয়ে উঠেছে। এবারও প্রত্যাশা উঁচুতে, ভরপুর প্রাণশক্তিও আছে। আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি, আশা করি আমরা এবার জিতব।”

জিততে হলে ফুটবলে গোল পাওয়া অপরিহার্য। একাধিক সুযোগ তৈরি করেও যে কাজটি প্রথম ম্যাচে করতে পারেননি রাকিব হোসেন, শেখ মোরসালিন এবং পরে বদলি নামা ফরোয়ার্ড শাহরিয়ার ইমনও। তাই এবার অন্তত একবার জালের দেখা পেতে চান কাবরেরা।

“যদি আপনারা প্রথম ম্যাচের দিকে তাকান, দেখবেন, তাদের অর্ধে আমাদের খেলোয়াড়দের উপস্থিতি ভালো ছিল, সুযোগও এসেছিল; কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। কেন আমরা গোল করতে পারিনি, সে ব্যাখ্যা দেওয়া কঠিন। দ্বিতীয় ম্যাচেও আমরা প্রতিপক্ষের বক্সে আগের ম্যাচের মতোই বেশি সংখ্যায় থাকার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি, এবার অন্তত একটা গোল করতে পারব।”