এনসোর থেকে গোল ‘কেড়ে নেওয়ার ইচ্ছা’ ছিল না, বললেন মেসি
ওই গোলের পর এনসো ফের্নান্দেসের সাথে কথাও হয়েছিল বলে জানালেন আর্জেন্টিনা অধিনায়ক।
এনসো ফের্নান্দেসের শটে বল ছুটছিল জালের দিকে, কানাডা গোলরক্ষকও ঝাঁপিয়েছিলেন বলের লাইনে, ওই সময়ই লিওনেল মেসির মনে হয়েছিল নাগাল পেয়ে যেতে পারেন ম্যাক্সিম ক্রেপু। যেই ভাবা, সেই কাজ। তড়িৎ পা চালিয়ে দিলেন মেসি। বল কিছুটা দিক পাল্টে জড়াল জালে। চলতি কোপা আমেরিকায় ব্যক্তিগত গোলের খাতায় প্রথম আঁচড় পড়ল এই মহাতারকার। ওই গোল নিয়েই এখন বেঁধেছে ‘গোলমাল’!
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে কোপা আমেরিকার প্রথম সেমি-ফাইনালে কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ২২তম মিনিটে হুলিয়ান আলভারেস দলকে এগিয়ে নেওয়ার পর ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
এই লক্ষ্যভেদেই আন্তর্জাতিক ফুটবলে গোলের পাতায় ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইকে (১০৮টি) পেছনে ফেলেন মেসি। তার ১০৯ গোল হলো ১৮৬ ম্যাচে। তালিকায় শীর্ষে থাকা পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালেদোর ২১২ ম্যাচে গোল ১৩০টি।
সবমিলিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এটি মেসির চতুর্দশ। এনিয়ে কোপা আমেরিকার ভিন্ন ছয় আসরে জালের দেখা পেলেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। কিন্তু যে গোল রেকর্ডের এতগুলো পাতায় দাগ ফেলেছে, কানাডার বিপক্ষে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে স্বস্তি এনে দেয় আরও, সেটিই এখন আলোচনায়।
মুখ খুললেন মেসিও। বললেন, এনসোর কাছ থেকে গোল ‘কেড়ে’ নেওয়ার কোনো অভিলাষ তার ছিল না; বরং তিনি চেয়েছিলেন, দলের জয়কে আরও সুনিশ্চিত করতে।
“বলে স্পর্শ করার পর আমি এনসোকে বলেছিলাম, তোমার কাছ থেকে গোল কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি দেখলাম, গোলরক্ষক ততক্ষণে ঝাঁপ দিয়েছে এবং বলও কিছুটা ধীরে যাচ্ছিল, এবং আমি পা চালিয়ে দিলাম, পায়ে লেগে বল চলে গেল জালে।”
“আমার পায়ে বলের স্পর্শ একেবারেই অল্প ছিল, কেননা, ক্রেপুও প্রায় এটা সেভ করেই ফেলছিল। এটা নিয়ে অল্পস্বল্প কথা হয়েছে আমাদের। মনে হচ্ছিল, গোলরক্ষক সেভ করেই ফেলবে; কেননা, এটা ধীরগতিরও ছিল। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, ওতেই আমাদের স্কোরলাইন বেড়েছিল এবং আমরা ২-০ করতে পেরেছিলাম, যেটা আমাদেরকে মানসিক প্রশান্তি দিয়েছিল।”
কানাডার স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা মুকুট ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হবে উরুগুয়ে-কলম্বিয়ার ম্যাচের জয়ী দলের।
