২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটের জন‍্য বাইরে থাকা কার্ভাহাল পেলেন নিষেধাজ্ঞা

সেল্তা ভিগোর বিপক্ষে লাল কার্ড দেখায় শাস্তি পেয়েছেন ফ্রান গার্সিয়া, আলভারো কারেরাস ও এন্দ্রিক।

চোটের জন‍্য বাইরে থাকা কার্ভাহাল পেলেন নিষেধাজ্ঞা
রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার আলভারো কারেরাসকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 08:07 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

সেল্তা ভিগোর বিপক্ষে হারের ম্যাচে লাল কার্ড দেখা রেয়াল মাদ্রিদের চার খেলোয়াড়কে শাস্তি দিয়েছে কম্পিটিশন কমিটি। 

অদ্ভূত শাস্তি পেয়েছেন চোটের জন‍্য মাঠের বাইরে থাকা রেয়াল অধিনায়ক দানি কার্ভাহাল। ওই ম্যাচের স্কোয়োডে না থাকা এই অভিজ্ঞ ডিফেন্ডার সেদিন ‘রেফারির ওপর চড়াও হওয়ায়’ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার লা লিগার ম্যাচে ২-০ গোলে হারে রেয়াল। অনেকটা সময় ১০ জন ও শেষের কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয় তাদের।

সেদিন পরপর দুই মিনিটে দুটি হলুদ কার্ড দেখা ডিফেন্ডার ফ্রান গার্সিয়া পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা।

ওই ম্যাচের রেফারি আলেহান্দ্রো কিনতেরো ম্যাচ শেষে যে রিপোর্ট দিয়েছিলেন, সেটি প্রকাশ করেছিল স্প্যানিশ গণমাধ্যগুলো। সেখানে উল্লেখ করা হয়েছিল, আলভারো কারেরাস দুটি হলুদ কার্ডের জন‍্য নয়, সরাসরি লাল কার্ড দেখায় মাঠ ছাড়েন। এই কার্ডের কারণ হিসেবে রিপোর্টে বলা হয়, রেফারিকে এই ডিফেন্ডার বলেছিলেন ‘আপনি খুব বাজে।’

এজন্য তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এতে চলতি বছর আর লা লিগায় খেলা হচ্ছে না তার।

গত গ্রীষ্মে রেয়াল মাদ্রিদের যোগ দিয়ে অল্প সময়েই রক্ষণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই স্প্যানিশ লেফট-ব্যাক। তাই তাকে হারানো দলটির জন্য দুর্ভাবনার। 

ওই ঘটনার সময় উত্তপ্ত পরিস্থিতিতে লাল কার্ড দেখেন রেয়ালের বেঞ্চের খেলোয়াড় এন্দ্রিকও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কার্ডের কারণ হিসেবে বলা হয়, বেঞ্চ থেকে উঠে, টেকনিক‍্যাল এরিয়া ছাড়িয়ে ফোর্থ অফিসিয়ালকে লক্ষ‍্য করে চিৎকার করেন তিনি। কোচিং স্টাফদের তাকে সামলাতে হয়।

তাকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। 

এই নিষেধাজ্ঞা কেবল স্প্যানিশ ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য।

১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী বার্সেলোনা।