২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো-রোনালদিনিয়োদের পথ ধরে ব্যালন দ’র জিততে চান ভিনিসিউস

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের ছবি মনের মধ্যে আঁকছেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 11:00 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

এই বছরের ব্যালন দ’র ভিনিসিউস জুনিয়রের পাওয়া উচিত বলে নানা সময়ে মন্তব্য করেছেন ব্রাজিলের অনেক সাবেক ফুটবলার। রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জানিয়েছেন, বর্ষসেরার পুরস্কারটি জিততে তাকে নাকি প্রতিদিনই তাগাদা দেন রোনালদো ও রোনালদিনিয়ো। সম্মানজনক পুরস্কারটি জিতে পূর্বসূরিদের পাশে বসতে চান তিনি।  

রেয়ালের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটে ভিনিসিউসের। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ প্রতিযোগিতাটিতে তিনি করেন ৬ গোল। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়। ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় তিনি করেন ১৫ গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে করেন হ্যাটট্রিক। তিনটি ট্রফিই জিতে নেয় রেয়াল।

এবার ব্যালন দ’র জয়ের ক্ষেত্রে তাই ভিনিসিউসকেই ভাবা হচ্ছে ফেভারিট। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা বললেন, পুরস্কারটি জয়ের ছবি আঁকছেন তিনি নিজেও।

“আমার সামনে উদাহরণ হিসেবে কাকা আছেন, রোনালদো (নাজারিও) আছেন যিনি পুরস্কারটি দুবার জিতেছেন, রোনালদিনিয়ো, রিভালদো, ব্রাজিলের অনেক খেলোয়াড় আছেন, যারা ব্যালন দ’র জিতেছেন। তবে নিঃসন্দেহে, রোনালদো ও রোনালদিনিয়ো, যারা আমার সবচেয়ে কাছের, তারা আমাকে প্রতিদিন বলেন যে, আমাকে ব্যালন দ’র জিততে হবে।”

“কিছুদিন আগে রোনালদোর সঙ্গে যখন আমি ইবিজায় ছিলাম এবং তার বাড়িতে অনুশীলন করছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন, ‘এখানে আরও কিছু দিন অনুশীলন করো, যাতে তুমি ব্যালন দ’র জয়ের কাছাকাছি যেতে পারো।’ তারা এমন খেলোয়াড় যারা অবিশ্বাস্য সব কাজ করেছে এবং ব্যালন দ’র জিতেছে, এটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারা এবং জিততে পারা হবে অবিশ্বাস্য কিছু।”