২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগের অপেক্ষায় থাকা পিয়াস দিতে চান সেরাটা

দুটি প্রস্তুতি ম্যাচে জালের দেখা পাওয়াটা আরও আত্মবিশ্বাসী করে তুলেছে জাতীয় দলে প্রথমবার জায়গা পাওয়া তরুণ ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভাকে।

সুযোগের অপেক্ষায় থাকা পিয়াস দিতে চান সেরাটা
দুই সতীর্থ মোরসালিন ও রাকিবের সঙ্গে পিয়াস (মাঝে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 08:43 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

‘প্রস্তুতিতে বেশ কয়েকটি দূরপাল্লার শট নিয়েছি। কোনোটায় গোল হয়েছে, কোনোটা হয়নি। তবে কোচ খুশি। সাহস দিয়ে বলেছেন, এভাবেই চেষ্টা করতে থাকো’, উচ্ছ্বাসভরা কণ্ঠে বললেন পিয়াস আহমেদ নোভা। চেষ্টার কিছু ফলও এই তরুণ ফরোয়ার্ড পেয়েছেন ফর্টিস এফসির বিপক্ষে খেলা দুই প্রস্তুতি ম্যাচে। গোল পেয়েছেন দুটি। তাতে স্বপ্নের পরিধি বেড়েছে, আত্মবিশ্বাসের পারদও উঠেছে উঁচুতে। এই তরুণ ফরোয়ার্ড এখন মালদ্বীপের বিপক্ষে ডানা মেলার সুযোগের অপেক্ষায়।

বয়সভিত্তিক পর্যায়ে আক্রমণভাগে আলো ছড়ানো পিয়াস এই প্রথম জায়গা পেয়েছেন জাতীয় দলে। পায়ের নিচের মাটি শক্ত করা সহজ নয়, তা ১৯ বছর বয়সী এই তরুণেরও ভালোভাবে জানা। কেননা, আক্রমণভাগে রাকিব হোসেনের মতো অভিজ্ঞ, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুলরা আছেন আগে থেকে, যাদের প্রতি কোচ হাভিয়ের কাবরেরার আস্থার কমতি নেই।

যদিও গত ছয় ম্যাচে পরিসংখ্যানের পাতায় নেই আস্থার প্রতিদানের ছিটেফোঁটাও! এ বছর খেলা ছয় ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষের জালের দেখা পেয়েছে বাংলাদেশ; ভুটানের বিপক্ষে ১-০ গোলে জেতা প্রীতি ম্যাচে। গত সেপ্টেম্বরে থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটে গোলটি করেছিলেন মোরসালিন। লাল-সবুজের জার্সিতে এটি ছিল তার পঞ্চম গোল। কিংস অ্যারেনায় বুধবার বিকাল ৬টায় যখন মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ, তখন গোল নিয়ে দুঃশ্চিন্তাও সঙ্গী থাকবে দলের।

পিয়াস উন্মুখ হয়ে আছেন গোল খরার মধ্যে থাকা দলের ত্রাতা হতে। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দারুণ জয়ের ম্যাচে জোড়া গোল করার আনন্দময় স্মৃতি, ফর্টিসের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে জালের দেখা পাওয়া, সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাসী ৬ ফুট লম্বা এই ফরোয়ার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, মালদ্বীপ ম্যাচ তার জন্য পরীক্ষা।

“সেরা একাদশ নিয়ে এখনও কিছু জানাননি কোচ। তবে যখনই সুযোগ পাব, সেরাটা দেব। আমরা ফরোয়ার্ড, আমাদের কাছে দলের চাওয়া একটাই-গোল। এ চাওয়া পূরণের চেষ্টা করব। প্রস্তুতিতে আমি চেষ্টা করেছি অনেক শট নেওয়ার, বক্সের ভেতর থেকে, বক্সের বাইরে থেকে, দূরপাল্লার শটও নিয়েছি। ভালো করার আত্মবিশ্বাস আছে।”

“এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছি। অবশ্যই রোমাঞ্চিত। তবে কোনো চাপ নিচ্ছি না। প্রথম প্রস্তুতি ম্যাচটি ৩০ মিনিট করে তিন ভাগে হয়েছিল, সেখানে শেষ ৬০ মিনিট খেলেছিলাম, গোল পেয়েছিলাম। দ্বিতীয় ম্যাচটি হয়েছিল নিয়ম অনুযায়ী দুই অর্ধে, প্রথম অর্ধে খেলেছিলাম, গোলও পেয়েছিলাম। আমার বিশ্বাস, সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।”

পিয়াসের জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়া জেলার আমলা ইউনিয়নে, যে এলাকাটি বিখ্যাত সাঁতারু উঠে আসার কারণে। ছোটবেলায় তার সামনেও সুযোগ ছিল সাঁতারু হওয়ার, কিন্তু বড় ভাই পিয়াল আহমেদের হাত ধরে তিনি হয়ে ওঠেন ফুটবলার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) হয়ে, আলমগীর সমাজ কল্যাণ ক্রীড়া সংঘের হয়ে তৃতীয় বিভাগ খেলে জায়গা করে নেন বসুন্ধরা কিংসে।

অবশ্য কিংসের সাথে তার পথচলা সুখের নয়। দলটির হয়ে যে খেলারই সুযোগ মেলেনি! ২০২২ সালে পিয়াস পা ফেলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। তবে এসএসসি পরীক্ষার ব্যস্ততায় লিগেও খুব বেশি খেলার সুযোগ পাননি ওই বছরও। এ বছর তিনি নাম লিখিয়েছেন প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসিতে, জাতীয় দলের জার্সিতে যাদের জালেই করেছেন গোল।

দলের বর্তমান আক্রমণভাগে থাকাদের মধ্যে গোল এনে দেওয়ার ভার মূলত রাকিব, মোরসালিনদের কাঁধেই। চতুর্থ গোলের সবশেষটি রাকিব করেছিলেন মালদ্বীপের বিপক্ষেই, গত বছর অক্টোবরের সবশেষ দেখায়। ২-১ গোলে জেতা ওই ম্যাচে জালের দেখা পেয়েছিলেন ফাহিমও।

পিয়াসের জন্য সেরা একাদশে জায়গা পাওয়ার পথটা তাই মসৃণ নয় মোটেও। এই তরুণ নিজেও তা খুব ভালো করে জানেন। নিজেকে তাই গুছিয়ে নেওয়া, প্রস্তুত রাখার দিকে মনোযোগ দিচ্ছেন বেশি।

“আক্রমণভাগে যারা আছে, বিশেষ করে রাকিব ভাই, উনারা খুব সহযোগিতা করছেন। প্রস্তুতিতে যখন তাদের বিপক্ষে খেলি, তারা যখন গোল করে, তখন আমিও গোল করার জন্য অনুপ্রেরণা পাই। মনে হয়, উনারা গোল করছেন, আমি কী করছি?”

“জানি না, কোচ আমাকে সেরা একাদশে নাকি বদলি হিসেবে খেলাবেন। তবে যখনই খেলার সুযোগ আসবে, সেরাটা দেওয়ার চেষ্টা করব। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি, যাতে ফরোয়ার্ডদের যেটা কাজ (গোল এনে দেওয়া), সেটা করতে পারি।”