১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শঙ্কা কাটিয়ে ডাচ দলে মেম্ফিস ডিপাই

হ্যামস্ট্রিংয়ের চোটের সঙ্গে লড়াই চলছিল নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের।

শঙ্কা কাটিয়ে ডাচ দলে মেম্ফিস ডিপাই
মেম্ফিস ডিপাই। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা মেম্ফিস ডিপাইয়ের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। সময়মতো সেরে ওঠে অনিশ্চয়তার সেই কালো মেঘ সরিয়ে দলে জায়গা করে নিলেন নেদারল্যান্ডসের অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার বিপক্ষে খেলবে ডাচরা। ম্যাচ দুটির জন্য শুক্রবার ২৫ জনের দল ঘোষণা করেন কোচ রোনাল্ড কুমান।

বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার ডিপাই এখন খেলছেন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের হয়ে। চলতি মাসের শুরুতে ব্রাজিলিয়ান কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

এরপর ২০ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। গত বুধবার ওই প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ দিয়ে মাঠে ফেরেন ৩১ বছর বয়সী ডিপাই। আথলেতিকো পারানায়ান্সের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে ১২ মিনিট খেলেন তিনি।

এবার জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পালা ডিপাইয়ের। ডাচদের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ তার সামনে। ১০২ ম্যাচে ৫০ গোল করে রবিন ফন পার্সির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।

বাছাইয়ের আসছে লড়াইয়ের দলে সান্ডারল্যান্ডের গোলরক্ষক রবিন উপস ও ফেইনুর্ডের অধিনায়ক সেম স্টেইনকে রেখেছেন কুমান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই দুই ফুটবলার।

এবারের দলবদলে লিভারপুলে যোগ দেওয়া ইয়েরেমি ফ্রিমপং নেই স্কোয়াডে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ২৪ বছর বয়সী এই রাইট-ব্যাক।

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে পোল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ৭ সেপ্টেম্বর খেলবে লিথুয়ানিয়ার মাঠে।

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে ‘জি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ডাচরা। প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা।