২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্না-আঁখির অভাব অনুভব করবে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে অঘটনের সম্ভাবনার প্রশ্নে কৌতুকপূর্ণ হাসি দিয়ে অধিনায়ক সাবিনা খাতুন বললেন, তেমন সম্ভাবনা দেখছেন না তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 07:49 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, পাকিস্তানের বিপক্ষে অঘটনে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার সম্ভাবনা নিয়ে। কৌতুকপূর্ণ হাসি দিলেন অধিনায়ক সাবিনা খাতুন। সব বাস্তবতা মেনেই বললেন- এমন কিছু ঘটার সম্ভাবনা দেখেন না তিনি। এবারের অভিযানে পাশে না পাওয়া সিরাত জাহান স্বপ্না ও আঁখি খাতুনের অভাব বিশেষভাবে অনুভব করবেন বলেও জানালেন অধিনায়ক।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ। মুকুট ধরে রাখার অভিযান বাংলাদেশ শুরু করবে এর তিন দিন পর, পাকিস্তান ম্যাচ দিয়ে। গতবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা।

নেপালের উদ্দেশে মঙ্গলবার রওনা দেবে দল। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে সাবিনা সাফের লক্ষ্য নিয়ে কথা বলেন। পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য অঘটনের শঙ্কাও তিনি উড়িয়ে দেন এক ফুৎকারে।

“এখন যেটা আল্লাহ পাক ঠিক করে রেখেছে, সেটাই হবে। এখন যদি গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করতে না পারি… আমার মনে হয়, গত সাফের পরে পাকিস্তানও বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, এরপর লম্বা সময় আমি যতটুকু জানি, তারা ক্যাম্পে ছিল না, অনুশীলনে ছিল না, তাদের ক্যাম্প সম্ভবত দুই-তিন সপ্তাহ আগে শুরু হয়েছে, আমার মনে হয় না যে, পাকিস্তানের বিপক্ষে এরকম কোনো অঘটন ঘটবে। আমার মনে হয়, এই জায়গাতে মেয়েরা অবশ্যই সজাগ থাকবে যে, প্রথম ম্যাচটাতে যেন কোনো অঘটন না ঘটে।”

গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভারত। পাঁচবারের চ্যাম্পিয়নরা গতবার বিদায় নিয়েছিল সেমি-ফাইনাল থেকে। টুর্নামেন্টের সফলতম দল ভারত ও গত আসরের রানার্সআপ নেপালকে এবার শিরোপার দাবিদার মানছেন সাবিনা।

“দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল ও বাংলাদেশ প্রায় একই মানের দল। এই জায়গাতে যারা টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তুলনামূলক ভালো করবে, মাঠে ভালো পারফরম করবে, নিঃসন্দেহে, তারা বের হয়ে যাবে।”

“গত সাফের আগেও আমরা সবসময় ভারতের কাছে পাঁচ-ছয় গোল খেয়েছি, নেপালের কাছে তিন-চার গোল খেয়েছি, ওই সময় (গতবার) আমাদের টিমের দারুণ শেইপ ছিল, আপনারাও খেলা দেখছেন এবং দেশের মানুষও বলেছে, মেয়েরা এত সুন্দর ফুটবল খেলছে, যেটা কল্পনাই করা যায় না। সেই জায়গা থেকে আমরাও তো কল্পনা করতে পারিনি, ভারতকে ৩-০ গোলে হারিয়েছি, আমাদের নারী ফুটবলে সেটা ছিল প্রথম ভারতকে হারানো, সেটা তো অবশ্যই আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। তবে, আমার মনে হয়, এবার সেটা কঠিন হবে।”

বিষয়গুলো আরও কঠিন হয়ে পড়ছে গত সাফে ৪ গোল করা ফরোয়ার্ড স্বপ্না ও রক্ষণের নির্ভরতা আঁখির অনুপস্থিতিতে। সাবিনা অবশ্য নতুনদের দিয়েই সে শূন‍্যতা পূরণে আশাবাদী।

“এই সাফে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আঁখি ও স্বপ্নার অভাব অনুভব করব। কারণ, তারা থাকলে আমাদের বাড়তি একটা সুবিধা থাকত। ভারত এবং নেপাল- দুই দলই ভাবত, আঁখি এবং স্বপ্না কতটা কার্যকর হতে পারে। অবশ্যই ওদের মিস করব। তবে যারা আছে, তাদের দিয়েই তো শূন্যস্থান পূরণ করতে হবে; এছাড়া আসলে কোনো উপায় নাই।”

মুকুট ধরে রাখার অভিযানে সবার মধ্যে দোলাচল থাকলেও সহ-অধিনায়ক মারিয়া মান্দা অবশ্য লক্ষ‍্যে অবিচল। দৃঢ়তাপূর্ণ কণ্ঠেই শোনালেন মুকুট ধরে রাখার আশাবাদ।

“বিগত দিনে আমরা চ্যাম্পিয়ন ছিলাম। এবারও আমরা খেলতে যাচ্ছি। আশা করি, এবারও আমরা প্রতিটি ম্যাচ ভালো খেলব। যেহেতু আমরা বিগত দিনে চ্যাম্পিয়ন ছিলাম, সেটার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলব। সবার কাছে দোয়া চাই, আমরা যেন প্রত্যোকটা ম্যাচ ভালো করতে পারি এবং শিরোপা ধরে রেখেই যেন আমরা দেশে ফিরতে পারি।”