২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের বিপক্ষে লড়াই করতে পেরেই খুশি ইউনাইটেড কোচ!

সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 02:52 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

ম্যাচের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়াল, বিরতির পরপর আরও দুটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে এরপর দ্রুত দু্ই গোল করে লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেনি ইউনাইটেড। তবে, তিন গোলে পিছিয়ে পড়ার পরও হাল না ছেড়ে ঘুরে দাঁড়ানোয় এবং লড়াই চালিয়ে যাওয়াতেই সন্তুষ্টির কারণ খুঁজে নিচ্ছেন দলটির কোচ হুবেন আমুরি।

টটেনহ্যাম হটস্পারের মাঠে লিগ কাপের ম্যাচে দমিনিক সোলাঙ্কির গোলে পঞ্চদশ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৪৬তম মিনিটে দেইয়ান কুলুসেভস্কির গোল ও সোলাঙ্কির দ্বিতীয় লক্ষ্যভেদে কোণঠাসা হয়ে পড়ে ইউনাইটেড। তবে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সাত মিনিটে দুই গোল করে রোমাঞ্চ জাগায় তারা।

যদিও ৮৮তম মিনিটে সন হিউং-মিনের গোলে আবারও ইউনাইটেডের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। যোগ করা সময়ে জনি ইভান্সের গোলে তাই কেবল ব্যবধানই কমায়, ৪-৩ গোলে জিতে সেমি-ফাইনালে ওঠে টটেনহ্যাম।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণে আধিপত্য অবশ্য করে ইউনাইটেড। গোলের জন্য ২০টি শট নেয় তারা, কিন্তু লক্ষ্যে রাখতে পারে মাত্র পাঁচটি। যেখানে টটেনহ্যাম ৯টি শট নিয়ে ছয়টিই লক্ষ্যে রাখে, যার চারটিই খুঁজে পায় ঠিকানা।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ইউনাইটেডের পর্তুগিজ কোচ আমুরির কথায়ও উঠে এলো তাদের এই ঘাটতির জায়গা, ফিনিশিংয়ে যথেষ্ট কার্যকর হতে না পারা।

“দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা কিছুটা অগোছালো ছিলাম, আমাদের জন্য সেটা ছিল কঠিন সময়। ১০ মিনিটের মতো। এরপর আমরা ঘুরে দাঁড়াই। আমার মনে হয়, আমরা দারুণ খেলেছি।” 

“আমার মতে পুরো ম্যাচে দৃষ্টি দিলে বিষয়টা স্পষ্ট যে, আমরাই তুলনামূলক ভালো দল ছিলাম, কিন্তু তারা (ফিনিশিংয়ে) বেশি নিখুঁত ছিল। আমরা ম্যাচ হেরেছি, কিন্তু ছেলেরা যে লড়াই করেছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে ভালো একটা ম্যাচ হলো, কিন্তু আমাদের জন্য এটা বিস্বাদের। কারণ আমরা জিততে পারিনি, এখন পরের ম্যাচে আমাদের নজর দিতে হবে।”

পরের ম্যাচে আগামী রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মুখোমুখি হবে ইউনাইটেড। লিগ টেবিলেও অবশ্য ভালো অবস্থায় নেই তারা। ১৬ ম্যাচে মাত্র ২২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে তারা।