ব্রাজিলের অনুশীলনে ড্রোন উড়িয়ে ৩ জন আটক
ব্রাজিলের আসছে ম্যাচের প্রতিপক্ষ একুয়েডরের এক ব্যক্তিও আছেন আটক হওয়াদের মধ্যে।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ব্রাজিলের অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনায়। দলটির অনুশীলনের সময় ড্রোন ওড়ানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে ব্রাজিলের সামরিক পুলিশ।
কুরিতিবায় ব্রাজিলের প্রথম বিভাগের দল আতলেতিকো পারানেন্সের ঘরের মাঠে অনুশীলন করছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। সেখানে মঙ্গলবার একুয়েডর, ভেনেজুয়েলা ও ব্রাজিলের তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
গুপ্তচরবৃত্তির শঙ্কা উড়িয়ে দেননি কুরিতিবার এমপি। বেআইনিভাবে ছবি ধারণ করে বিক্রি বা এরকম কিছু করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ইএসপিএন ব্রাজিলকে জানান তিনি।
গত প্যারিস অলিম্পিকসে ছেলেদের ফুটবল ইভেন্টে প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের অনুশীলনের সময় ড্রোন উড়িয়ে শাস্তি পায় কানাডা দল। দলটির ৬ পয়েন্ট কাটার পাশাপাশি প্রধান কোচ ও দুই অফিসিয়ালকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে কুরিতিবায় একুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর তারা খেলবে প্যারাগুয়ের মাঠে।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের টেবিলে ভালো অবস্থানে নেই ব্রাজিল। ৬ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ছয় নম্বরে আছে দরিভাল জুনিয়রের দল।
