২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাঁচা-মরার’ লড়াইয়ে ‘সাহসী’ বাংলাদেশেকে দেখতে চান কাবরেরা

দলের মধ্যে বেজে চলা ঐক্যের সুর, খেলোয়াড়দের লড়াকু মানসিকতা মালদ্বীপের বিপক্ষে ম্যাচে ভালো কিছু পাওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলছে বাংলাদেশ কোচকে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 10:20 PM

Updated : 25 Jun 2023, 05:27 PM

‘ফাইনাল’, ‘বাঁচা-মরার লড়াই’- মালদ্বীপ ম্যাচ সামনে রেখে এই কথাগুলো ঘুরেফিরে শোনা যাচ্ছে কোচ, খেলোয়াড়দের মুখে। লেবানন ম্যাচের হারের ধাক্কায় খাদের কিনারে চলে যাওয়া দলের সামনে আসলে জয় ছাড়া ভিন্ন পথও নেই খোলা। এমন কঠিন সময়ে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার চাওয়া সাহসী হয়ে উঠুক তার দল। সেরাটা নিংড়ে দিয়ে শঙ্কার কালো মেঘ সরিয়ে বঙ্গবন্ধু  সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার লক্ষ্য পূরণের সম্ভাবনার প্রদীপটা জ্বালিয়ে রাখুক। 

কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি  সেরে নিয়েছে দল। আক্রমণভাগে রাকিব হাসানের ছোটাছুটি স্বস্তি ফিরিয়েছে কোচের মনে। খেলোয়াড়দের শরীরী ভাষা, লড়াকু মানসিকতা আশা দেখাচ্ছে এই স্প্যানিশ কোচকে। 

যদিও পরিসংখ্যান বড্ড চোখ রাঙানি দিচ্ছে দলকে। ২০০৩ সালে সাফের প্রথম এবং সবশেষ শিরোপা জয়ের পর মালদ্বীপকে কখনই এ আসরে হারাতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সগুলোতে হার; সবশেষ ২০২১ সালে, স্কোরলাইন ছিল ২-০। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের সবশেষ দেখা গত বছর মার্চে, সেবারও প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানের হারের তেতো স্বাদ পেতে হয়েছিল বাংলাদেশকে। 

অবশ্য মোট পরিসখ্যানে দুই দলই সমানে সমান। ১৫ ম্যাচ দুই দলের জয় ৬টি করে, বাকি তিনটি ড্র। মালদ্বীপের বিপক্ষে সবশেষ বাংলাদেশ জিতেছিল ২০২১ সালে শ্রীলঙ্কার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে; ২-১ গোলে। 

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। শ্রীলঙ্কার মাঠে পাওয়া সেই জয় থেকেও অনুপ্রেরণা নিচ্ছেন কাবরেরা। 

“আমরা প্রস্তুত। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। লেবাননের বিপক্ষে কোনো পয়েন্ট না পাওয়াটা ছিল হতাশার। আমাদের জয় প্রয়োজন। আমরা জিততে চাই। দলের আবহ দারুণ, সবাই ইতিবাচক এবং আগামীকাল আমাদের জন্য আসলেই কঠিন লড়াই অপেক্ষা করছে, কিন্তু বিশ্বাস করি, আমরা লক্ষ্য অর্জন করতে পারব।”

“সত্যিই আমরা বর্তমানে মনোযোগ রাখছি। ইতিবাচক আছি এবং লেবানন ম্যাচের ফল বাদ দিলে ওই ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমরা ইতিবাচক, এটা আমাদের মালদ্বীপের মুখোমুখি হওয়ার শক্তি জোগাচ্ছে। এর আগে আমরা মালদ্বীপের কাছে হেরেছি, তারও আগের ম্যাচে জিতেছি। তো আমি বিশ্বাস করি এই ম্যাচটা ফিফটি-ফিফটি। দল এখন আরও বেশি ঐক্যবদ্ধ, কঠিন লড়াই করতে সক্ষম।” 

এবারের আসরে গ্রুপ পর্বে দুই দলের পথচলা শুরু দুই রকমভাবে। ভূটানকে ২-০ গোলে এগিয়ে আছে মালদ্বীপ। লেবাননের বিপক্ষে একই ব্যবধানে হেরে শুরু বাংলাদেশের। মালদ্বীপ ম্যাচে পা হড়কালে কোনো সুযোগ তাই নেই জামাল-জিকোদের সামনে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে তাই স্নায়ুর চাপ কাটিয়ে সাহসী হয়ে ওঠার বার্তা দিলেন কাবরেরা। 

“আমি মনে করি, দুই দলের উপরই চাপ থাকবে। আমার মনে হয় না, মালদ্বীপ এক পয়েন্ট পাওয়ার জন্য নামবে, কেননা এটা ঝুঁকিপূর্ণ। দুটি দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমরা ৩ পয়েন্ট পাওয়ার জন্য মুখিয়ে আছি এবং এটা পেতে সাহসী হতে হবে আমাদের।” 

মালদ্বীপ ম্যাচের কৌশল নিয়ে স্বাভাবিকভাবেই কথা বলেননি কাবরেরা। তবে রাকিবের সেরা একাদশে ফেরার সম্ভাবনা বেশি। গোল না পাওয়ার ব্যর্থতার বলয় থেকে ফরোয়ার্ডরা বেরিয়ে আসবে বলেও বিশ্বাস কোচের। 

“যতটা সম্ভব আমরা নিজেদের গেম প্ল্যান বাস্তবায়নের চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করি, গোল করা, জেতা এবং লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা আমাদের আছে।”

ভূটান ম্যাচে গোল পেয়েছেন মালদ্বীপের নাইজ হাসান ও হামজা মোহাম্মদ। ২৮ বছর বয়সী হামজাকে একটু বেশি পাহারায় রাখার কথা বলেছেন ডিফেন্ডার তপু বর্মন, মিডফিল্ডার সোহেল রানা। কাবরেরাও জানালেন প্রতিপক্ষের আক্রমণভাগকে আটকে রাখার ছক ভালোভাবেই কষে রেখেছেন।
“এরই মধ্যে আমরা টিমের ফরমেশন ঠিক করে ফেলেছি। প্রতিপক্ষের সেরা খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতা নিয়ে আমরা সবসময় বাড়তি গুরুত্ব দিয়ে কাজ করি। আগের প্রতিপক্ষদের নিয়ে স্টাডি করেছি। লেবাননের বিপক্ষে হাসান মাতৌক (বাংলাদেশ ম্যাচের গোলদাতা) নিয়ে পরিকল্পনা ছিল আমাদের, মালদ্বীপের বিপক্ষে একই রকম পরিকল্পনা থাকবে। আক্রমণভাগে তাদের মেধাবী খেলোয়াড় আছে। আমরাও বিশ্বাস করি, আগামীকাল জেতার জন্য মেধাবী খেলোয়াড় আছে আমাদের আক্রমণভাগেও।” 

লেবানন ম্যাচেও গোলের সুযোগ কড়া নেড়েছিল বাংলাদেশের দরজায়। গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে  মেরে নষ্ট করেন ফয়সাল আহমেদ ফাহিম। কাবরেরা ‘নিশ্চিত’ মালদ্বীপ ম্যাচেও সুযোগ আসবে এবং তা কাজে লাগাবেন ফাহিম-রাকিবরা। 

“প্রথম ম্যাচ থেকে আমি শুধু কিছু ইতিবাচক দিক নিচ্ছি। ওই ম্যাচে গোলের সুযোগ পেয়েছিলাম আমরা। যদি আগামীকাল একই রকম সুযোগ পাই, আমি নিশ্চিত তিন পয়েন্ট পাওয়ার জন্য সেটা যথেষ্ট হবে। লেবানন ম্যাচের মতো ভালো পারফরম করার ব্যাপারে আশাবাদী আমি।”