২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইপজিগ ম্যাচেই গ্রুপ পর্বের কাজ শেষ করতে চায় রিয়াল

শেষ ষোলো নিশ্চিত হলেও জার্মান ক্লাবটির বিপক্ষে কোনো ছাড় দিতে নারাজ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 04:43 PM

Updated : 25 Oct 2022, 06:05 PM

নকআউট পর্বের টিকেট আগেই নিশ্চিত হয়ে গেছে। লাইপজিগের বিপক্ষে আসছে ম্যাচে তাই কিছুটা হলেও হালকা মেজাজে থাকতে পারে রিয়াল মাদ্রিদ। দলটির কোচ কার্লো আনচেলত্তি অবশ্য জার্মান ক্লাবটির বিপক্ষে লড়াইয়ে কোনো ছাড় দিতে নারাজ। দৃঢ় কন্ঠে বললেন, এই ম্যাচ জিতে গ্রুপ সেরা হওয়ার কাজটা সেরে ফেলতে চান তারা।

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের মাঠে 'এফ' গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায়।

চোটের কারণে এই ম্যাচে রিয়ালের স্কোয়াডে আগে থেকেই নেই করিম বেনজেমা ও ফেদে ভালভেরদে। আর সোমবার স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয় অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচকে।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। এই ম্যাচে জয় পেলে অন্য কোনো হিসাব ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইউরোপের সফলতম ক্লাবটি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, এই ম্যাচ তিন পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য।

“মঙ্গলবারের লক্ষ্য হবে একটি ভালো ম্যাচ খেলা, যাতে আমাদের গ্রুপ পর্বের চিন্তা আর করতে না হয়। আমাদের লক্ষ্য শীর্ষে থেকে গ্রুপ শেষ করা এবং এদিন আমাদের এই সুযোগ রয়েছে।”

“এখনও খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সময় হয়নি। কেন ভিনিসিউসকে (জুনিয়র) বিশ্রাম দেব? সে তো ক্লান্ত নয়!”