১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইবোলা আতঙ্কে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

কঙ্গোতে অবস্থান করা জাতীয় দলের স্টাফদের বিশ্বকাপের জন্য অবাধে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতে বৃহস্পতিবারের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

ইবোলা আতঙ্কে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল
কঙ্গো দলের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 06:23 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ইবোলা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) জাতীয় ফুটবল দল রাজধানী কিনশাসায় বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করতে বাধ্য হয়েছে। এর পরিবর্তে বেলজিয়ামে প্রস্তুতি চালিয়ে যাবে তারা।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী সোমবার ভক্তদের জন্য উন্মুক্ত অনুশীলন সেশন এবং দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিল কঙ্গোর ফুটবল সংস্থা।

তবে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেই পরিকল্পনা পরিবর্তন করা অপরিহার্য হয়ে পড়েছে বলে কঙ্গো দলের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন।

সিডিসি এমন সব বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, যারা আগের ২১ দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে ছিলেন।

ফলে কঙ্গোতে অবস্থান করা জাতীয় দলের স্টাফদের বিশ্বকাপের জন্য অবাধে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতে বৃহস্পতিবারের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। ১০ বা ১১ জুন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে দলটির।

যদিও সময়সূচির এই পরিবর্তনকে তেমন গুরুত্ব দিচ্ছেন না কঙ্গোর টিম ম্যানেজার ডোডো লান্ডু।

“পরিবর্তনটি খুব বড় নয়, কারণ কিনশাসায় আমাদের (পূর্ব পরিকল্পনার) আর কেবল তিন দিন বাকি ছিল। আমরা এখন (অনুশীলন পরিকল্পনার) বাকিটা বেলজিয়ামে চালিয়ে যাব, ২৫ মের অনুষ্ঠানটি কিনশাসার পরিবর্তে ব্রাসেলসে হবে।”

আগামী ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে ও ৯ জুন দক্ষিণ স্পেনে চিলির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কঙ্গোর।

গত সোমবার ঘোষণা করা হয় কঙ্গোর বিশ্বকাপ দল। তাদের সকল খেলোয়াড় ও দলের ফরাসি কোচ সেবাস্টিয়ান দাসাবরাহ মধ্য আফ্রিকার এই দেশটির বাইরে থাকেন। খেলোয়াড়দের বেশিরভাগই খেলেন ফ্রান্সের ক্লাবগুলোতে।

বুধবার পর্যন্ত কঙ্গোতে ইবোলা ভাইরাসের উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে ৬০০ জনে এবং উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩৯ জনে দাঁড়িয়েছে।

গত রোববার ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।