দুটি অফসাইডের সিদ্ধান্ত রেয়ালের বিপক্ষে গেছে, দাবি কোচের
ওসাসুনার পেনাল্টির সিদ্ধান্তেও খুশি নন আলভারো আরবেলোয়া।
ওসাসুনার বিপক্ষে হারের পর দলের পারফরম্যান্সের বিবর্ণতা তুলে ধরলেন আলভারো আরবেলোয়া নিজেই। তবে, রেফারির কিছু সিদ্ধান্ত নিয়েও হতাশা জানালেন রেয়াল মাদ্রিদ কোচ। তার দাবি, দুটি অফসাইডের সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে।
লা লিগায় শনিবার ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হারে রেয়াল। থিবো কোর্তোয়ার ভুল আর নিজেদের ধারহীন ফুটবলের মাশুল দিয়ে শীর্ষস্থান হারানোর শঙ্কার পড়ে গেছে দলটি।
৭৩তম মিনিটে রেয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র। এর একটু আগেই জালে বল পাঠান কিলিয়ান এমবাপে, কিন্তু তিনি নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল। ম্যাচ শেষের অফসাইড ও কোর্তোয়ার ভুলে ওসাসুনার পাওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে হতাশা জানালেন রেয়াল কোচ। তবে দলের পারফরম্যান্স যে আহামরি ছিল না, তাও স্বীকার করে নিলেন অকপটে।
“আমি যতটুকু দেখেছি, আগের খেলা হলে এখানে ফাউল হতে পারত। দুটি অফসাইডের সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আমরা ভালো খেলিনি, আমাদের আরও ভালো এবং আরও তীব্রতা নিয়ে খেলার দরকার ছিল। বুধবার থেকে রোববার, এভাবে ম্যাচ খেলা সহজ নয়, কিন্তু আমাদের কাছে এটাই প্রত্যাশিত, এটাই রেয়াল মাদ্রিদ। আমি জানতাম, দাবিগুলো থাকবে এবং আমার জানা ভুল ছিল না।”
“প্রথমার্ধে আমাদের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু আমাদের খেলায় গতি ছিল না। রক্ষণের গভীরে আমাদের বল আরও দ্রুত মুভ করানো, দুই প্রান্ত দিয়ে আরও সুযোগ তৈরির প্রয়োজন ছিল। আমরা বাম দিকে মনোযোগ বেশি দিয়েছি, যেটা স্বাভাবিক, এতে করে নিজেদের রক্ষা করা সহজ হয়েছে। আগামী বুধবার আমাদের আরেকটি ম্যাচ আছে এবং আমাদের সম্ভাব্য সেরা উপায়ে ওই ম্যাচের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন।”
আক্রমণভাগে এমবাপেও ছিলেন গতিহীন। গত সপ্তাহে বিশ্রাম নিয়ে ফিরলেও জ্বলে উঠতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। তবে এমবাপেকে সমালোচনায় কাঠগড়ায় তোলেননি আরবেলোয়া।
“গত সপ্তাহে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলেনি, সোসিয়েদাদ স্রেফ যে কোনো একটা দল নয়। যখন আমরা মনে করি, সে ফিট নয়, আমরা কোনো ঝুঁকি নেই না। এটা এমন বিষয়ও নয়, যে সিদ্ধান্ত আমি এককভাবে নিই। এটা আমি চিকিৎসকদের সাথে কথা বলে নিই। সে অনুভব করছিল, ওসাসুনার বিপক্ষে খেলতে পারবে, এবং আমি তো বলেছিই, সে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলেনি।”
৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে থাকলেও রেয়ালের শঙ্কাও কম নয়। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা। রোববার লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে ফিরবে কাতালান ক্লাবটি। তবে ওসাসুনার মাঠে তিন পয়েন্ট হারানোয় সব শেষ হয়ে গেছে, এমনটা মনে করেন না আরবেলোয়া।
“আমি বলিনি, ওসাসুনার বিপক্ষে আমরা ভীষণ ধরগতির ফুটবল খেলেছি, কিন্তু আমাদের বল আরও দ্রুত মুভ করাতে হবে এবং প্রতিপক্ষের জন্য আরও বিপদ তৈরি করতে হবে। আমাদের এটা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। গত মঙ্গলবার আমরা কী ভালো কাজ করেছি এবং আজ যেটা করতে পারিনি, সেটা খতিয়ে দেখতে হবে। আরও অনেক ম্যাচ বাকি আছে। আমাদের উন্নতির জায়গা আছে। যদি আপনি শতভাগ না থাকেন, তাহলে যে কেউ আপনাকে হারাতে পারে। আমাদের প্রতিপক্ষরা তাদের ম্যাচের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেয়।”
“আমি মনে করি, এটা (ওসাসুনার মাঠে হার) গুরুতর কিছু নয়। কেননা, চার দিনের মধ্যে আমরা আবারও লড়াই করেছি। প্রতিকূলতার মধ্যেও দল শক্তি দেখিয়েছে। তবে, কোনো সন্দেহকে আমরা জায়গা দিতে পারি না। দলের প্রতি আমার বিশ্বাস আছে। সময়ের সাথে সাথে ওই স্তরের পারফরম্যান্স আমাদের বজায় রাখতে হবে। আমরা কাজ করে যাব, নিজেদেরকে তাড়িত করব এবং সব খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে আনব, কেননা, তাদের সবাইকে আমাদের প্রয়োজন।”
