সেই হেডের গোলটিই মেসির সবচেয়ে প্রিয়
ক্যারিয়ারে অনেক দর্শনীয় ও স্মরণীয় গোলের মধ্যে নিজের সবচেয়ে প্রিয় গোলটির গল্প শোনালেন লিওনেল মেসি।
ক্যারিয়ারে মোট গোল সাড়ে আটশর বেশি। দর্শনীয় ও স্মরণীয় গোলের সংখ্যাও কম নয়। একটিকে বেছে নেওয়া খুব কঠিন। লিওনেল মেসির নিজের জন্য তো আরও বেশি কঠিন। সেই কঠিন কাজটিই করেছেন আর্জেন্টাইন জাদুকর। বেছে নিয়েছেন তিনি নিজের সবচেয়ে প্রিয় গোল।
মাঝমাঠ থেকে বল নিয়ে একক কৃতিত্বে গোল আছে মেসির, কয়েকজনকে কাটিয়ে গোল আছে, দুরূহ কোণ থেকে গোলকিপারকে পরাস্ত করার অনেক নজির আছে, পায়ের কারিকুরি আর কৌশলের জাদুতে মোহাবিষ্ট করা গোল আছে। ক্যারিয়ারের শুরুর দিকে ফ্রি-কিকে ততটা দক্ষতা না থাকলেও ক্রমে এখানেও হয়ে উঠেছেন সেরাদের একজন।
তবে মেসির নিজের পছন্দের গোলটি চমকে দিতে পারে অনেককেই।
“আমার অনেক গোল হয়তো এটির চেয়ে বেশি সুন্দর এবং অনেক গোল ছিল দারুণ মূল্যবান, গুরুত্বপূর্ণ অনেক গোল তো ছিলই। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সেই হেডের গোল সবসময় আমরা প্রিয়।”
কেন ওই গোলটি সবচেয়ে প্রিয়, তা অবশ্য ব্যাখ্যা করেননি মেসি। সেদিন ম্যাচে ৭০তম মিনিটে শাভি এর্নানেন্দের ক্রস থকে ফাঁকা থেকে লাফিয়ে উঠে প্রতিপক্ষের কোনো চ্যালেঞ্জ ছাড়াই হেড করে গোলটি করেছিলেন তিনি।
সেটি ছিল বার্সেলোনার দ্বিতীয় গোল। পরে ম্যাচটি তারা ২-০ গোলেই জিতে নেয়।
হেড থেকে গোল করা কখনোই মেসির শক্তির জায়গা ছিল না। সেদিন তিনি পেরেছিলেন গোল করতে। তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও ছিল সেটি। সব মিলিয়েই হয়তো গোলটি তার হৃদয়ের কাছে।
মেসি নিজের প্রিয় গোল বেছে নিয়েছেন ইন্টার মায়ামি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘আ গোল ইন লাইফ’ দাতব্য কাজের জন্য, যেখানে যুক্ত আছেন প্রখ্যাত তুর্কি চিত্রশিল্পী রেফিক আনাদল। এই গোলটিকে এখন নান্দনিক একটি চিত্রকমে রূপ দেবেন আনাদল। সেখানে স্বাক্ষর থাকবে মেসি ও আনাদলের এবং পরে তা তোলা হবে নিলামে।
আগামী ১১ জুন নিউ ইয়র্কে উন্মুক্ত করা হবে চিত্রকর্মটি।
