১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্যালন দ’র জয়ের সম্ভাবনায় রোমাঞ্চিত হ্যারি কেইন

মেসি ও রোনালদোর মতো গোলমেশিন হয়ে উঠতে পেরে এবং অবিশ্বাস্য এক গোল উৎসবের মৌসুম কাটিয়ে খুব খুশি এই ইংলিশ তারকা।

ব্যালন দ’র জয়ের সম্ভাবনায় রোমাঞ্চিত হ্যারি কেইন
হ্যারি কেইন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 10:58 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ক্লাব কী জাতীয় দল, গত মৌসুমের পুরোটা সময় সবখানেই গোল উৎসব করেছেন হ্যারি কেইন। পেয়েছেন শিরোপার স্বাদও। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’রের ‘বড় দাবিদার’ হয়ে উঠেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এর এই পুরস্কারের জন্য এবছরের মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার। গত মৌসুমে মোট ৭৩টি গোল করা কেইন সেই তালিকায় যে নিশ্চিতভাবেই থাকবেন, তা বলাই যায়।

আর অসাধারণ এই প্রাপ্তির সম্ভাবনা তৈরি হওয়াতেই ‘ভীষণ খুশি ও গর্বিত’ কেইন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ের পথে মোট ৬১টি গোল করেন তিনি, আর জাতীয় দলের হয়ে করেন ১২টি। 

এই লড়াইয়ে সফল হলে পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতবেন কেইন, ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম। সাবেক এই স্ট্রাইকারের আশা, কেইন তাদের ছোট স্পেশাল ক্লাবে যোগ দিতে পারবেন।

টিএনটি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন কেইন, যেটা প্রচার হবে মঙ্গলবার। যেখানে ওয়েনের ওই অডিও বার্তা প্রচার করা হয় এবং সেটা শুনে আরও খুশি হয়ে ওঠেন কেইন।

“গত মৌসুমে আমি যেমন খেলেছি, তাতে নিশ্চিতভাবেই আমি খুবই গর্বিত। মাইকেলের থেকে এমন কথা শুনতে পারা…মাইকেলের খেলা দেখে আমি বড় হয়েছি এবং আমি অনেক বড় ইংল্যান্ড সমর্থক ছিলাম- তার থেকে এমন কথা শুনে আমি আরও গর্বিত।

“খুব বেশি আগের কথা নয়, আমি কেবলই একজন সমর্থক ছিলাম, যার চাওয়া ছিল পেশাদার ফুটবলার হয়ে ওঠার, আর এখন আমি এখানে এবং শিরোপা জিতছি এবং ব্যালন দ’র (জয়ের সম্ভাবনায় আছি)।”

সামর্থ্যের সবটা দিয়ে অবিশ্বাস্য সময় কাটালেও, গোলের পর গোল করলেও, পুরস্কারটি জেতা যে নিশ্চিত নয়, তা কেইন জানেন। তাই সেসব নিয়ে খুব বেশি ভাবতে চান না তিনি।

“অবশ্যই এটা এখন আমার হাতে নেই; এটা ভোটারদের হাতে এবং সেইসব মানুষদের হাতে যারা এটা নির্ধারণ করেন। যে মৌসুম আমি কাটিয়েছি, আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা এবং কী হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”

এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের হিসেবে রেকর্ডটা লিওনেল মেসির। ২০১১-১২ মৌসুমে সাবেক ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে ৮২টি গোল করেছিলেন এই আর্জেন্টাইন গ্রেট। আরেক গ্রেট ক্রিশ্চিয়ানো রোনালদোও ধারাবাহিকভাবে দারুণ সব মৌসুম কাটিয়েছেন। এই পর্তুগিজ তারকা যেমন হাজার ক্যারিয়ার গোলের পথে ছুটছেন।

তাদের মতো এমন দুর্দান্ত একটা মৌসুম কাটাতে পেরে উচ্ছ্বসিত ৩৩ বছর বয়সী কেইন।

“মেসি ও রোনালদোর খেলা দেখেও আমি ক্যারিয়ারে বেড়ে উঠেছি, নিজেদের যুগে তারা কেবল আধিপত্যই করেছে। অবশ্যই কেবল মেসিই (এক মৌসুমে) ৮২ গোল করেছেন…এবং মৌসুমে রোনালদোর সর্বোচ্চ আমার মনে হয় ৬৯ গোল।

“এইসব সংখ্যা একসময় আমার কাছে অবিশ্বাস্য লাগত, আসলেই তাই। তারা দুইজন আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড় এবং তর্কযোগ্যভাবে সব সময়েরও। তাই এমনকি নিজের ৭৩ গোলেও আমি বিস্মিত।”