বিশ্বকাপ বাছাইয়ের ছন্দ কোপা আমেরিকায় নিয়ে আসার আশায় ভেনেজুয়েলা
মার্চের পর আর কোনো ম্যাচ না খেললেও প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন কোচ ফের্নান্দো বাতিস্তা।
কোপা আমেরিকার লড়াইয়ে নামার আগে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি ভেনেজুয়েলা। কোচ ফের্নান্দো বাতিস্তা আশাবাদী, এর কোনো প্রভাব পড়বে না তাদের খেলায়। সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতায় একুয়েডরের বিপক্ষে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
ক্যালিফোর্নিয়ার লেভি’স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ দুটি। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুটি প্রতিপক্ষ মেক্সিকো ও জ্যামাইকা।
২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকার বাছাইয়ে ভালো অবস্থায় আছে ভেনেজুয়েলা। ছয় ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে অবস্থান চারে। একুয়েড ও ব্রাজিলের তুলনায় এগিয়ে থাকা দলটির চেয়ে পয়েন্ট বেশি কেবল আর্জেন্টিনা, উরুগুয়ে ও কলম্বিয়ার।
গত মার্চে সবশেষ কোনো ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ২-১ ব্যবধানে হারার পর গোলশূন্য ড্র করেছিল গুয়াতেমালার সঙ্গে।
ম্যাচ খেলার ঘাটতিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাতিস্তা। আর্জেন্টাইন কোচ মনে করছেন, সব দিক থেকেই প্রস্তুত তার দল।
“অনুশীলন সেশন নিয়ে আমি শান্ত আছি। আমি মনে করি, এই আসরের জন্য আমরা খুব ভালো অবস্থায় আছি। আগের প্রীতি ম্যাচগুলোতে কি করেছি তার উপর এটা নির্ভর করে না।”
ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে বাতিস্তা বলেন, একুয়েডের যে কোনো চ্যালেঞ্জের জন্য তারা প্রস্তুত।
“একুয়েডর যে প্রস্তুতিই নিক না কেন আমরা তার জন্য তৈরি। আমি মনে করি, বাছাইয়ের চেয়ে এই ম্যাচ ভিন্ন হবে। ওরা আমাদের চেনে, আমরা ওদের চিনি। আমরা খেলোয়াড়দের মান সম্পর্কে এবং ওরা কীভাবে খেলে জানি।”
“আমরা ঠিক পথেই আছি। যা করছি সেটা আমরা হারাতে চাই না। বিনয়ের সঙ্গেই বলছি, জানি আমরা যে কারো বিপক্ষে তাদের সমপর্যায়ে খেলতে পারি।”
লাতিন আমেরিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি ভেনেজুয়েলা। গতবার কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। অভিজ্ঞ ও তারুণ্যের চমৎকার সংমিশ্রনে এবার অন্তত কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত যেতে আত্মবিশ্বাসী ৫৩ বছর বয়সী বাতিস্তা।
