১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তারকা খেলোয়াড়দের ছাড়াই দলের পারফরম্যান্সে খুশি এনরিকে

চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে অন্তত শীর্ষ ২৪-এ জায়গা পাকা বলেই মনে করেন পিএসজির স্প্যানিশ এই কোচ।

তারকা খেলোয়াড়দের ছাড়াই দলের পারফরম্যান্সে খুশি এনরিকে
লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় না থাকলেও দলের ধারাবাহিক পারফরম্যান্স ও ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতায় যে উন্নতি দেখা যাচ্ছে, তাতে স্বস্তিই পাচ্ছেন পিএসজি কোচ লুইস এনরিকে। সবশেষ, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও তার দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে খুব খুশি তিনি।

ঘরের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিশার্লিসনের গোলে পিছিয়ে পড়ে পিএসজি। প্রথমার্ধেই ভিতিনিয়ার নৈপুণ্যে সমতায় ফেরে তারা। 

দ্বিতীয়ার্ধে দুই পাশেই চলে গোল উৎসব। রন্দাল কোলো মুয়ানির গোলে পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে ফের সমতা টানেন ভিতিনিয়া। এর কিছুক্ষণ পর ফাবিয়ান রুইস উইলিয়ান পাচোর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। পরে কোলো মুয়ানি আরেক গোল করলেও দলকে শঙ্কায় পড়তে দেননি ভিতিনিয়া, খানিক পরই হ্যাটট্রিক পূরণ করে দলকে বড় জয়ের স্বাদ দেন তিনি।

শেষ পর্যন্ত হাইভোল্টেজ ম্যাচটিতে ৫-৩ গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। তারকা দুই ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে এবং রক্ষণের ভরসা আশরাফ হাকিমিকে ছাড়াই যেভাবে দল এগিয়ে যাচ্ছে, তাতে ম্যাচ শেষে স্বস্তি প্রকাশ করেন এনরিকে।

“চ্যাম্পিয়ন্স লিগে আমাদের ১৫ পয়েন্ট এবং লিগেও (লিগ আঁয়) আমরা শীর্ষে, অথচ একটা ম্যাচও আমরা পুরো স্কোয়াড নিয়ে খেলতে পারিনি। আমরা এখনও উসমান (দেম্বেলে) কিংবা দিজিরে (দুয়ে) এবং অন্যান্য স্ট্রাইকারদের গোল মিস করছি। এই দলটা বেড়ে উঠছে, আর আমার কাছে এটা খুবই ইতিবাচক।”

“আমাদের হয়তো শীর্ষ ২৪-এ জায়গা নিশ্চিত হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে, গত বছর এটা আমাদের জন্য কতটা কঠিন হয়েছিল।”

হ্যাটট্রিক করা ভিতিনিয়ার উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন এনরিকে।

“ম্যাচে ভিতিনিয়া ছিল দুর্দান্ত, অসাধারণ। তার সঙ্গে ফাবিয়ান রুইস ও জোয়াও নেভেস, ওরা তিনজনই অসাধারণ খেলেছে।”