নতুন ডিফেন্ডার কিনছে আতলেতিকো মাদ্রিদ
শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা বাড়াতে দলে শক্তি বাড়াচ্ছেন কোচ দিয়েগো সিমেওনে।
বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের সঙ্গে শক্তির ব্যবধান কমাতে ডিফেন্ডার দাভিদ হান্সকোকে দলে নিতে ডাচ ক্লাব ফেইনুর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ।
মাদ্রিদের ক্লাবটির বুধবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মেডিকেল হওয়ার পর চুক্তিতে সই করবেন স্লোভাকিয়ার এই ফুটবলার।
খেলোয়াড়ের সঙ্গে চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, তাকে কিনতে তিন কোটি ইউরো খরচ হচ্ছে আতলেতিকোর।
২৭ বছর বয়সী এই ফুটবলারকে পেতে সৌদি আরবের ক্লাব আল-নাস্র আগ্রহী ছিল বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সফল হলো লা লিগার ক্লাবটি।
২০২২ সালে ফেইনুর্ডে যোগ দিয়ে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪০টি ম্যাচ খেলেছেন হান্সকো। দলটির হয়ে অভিষেক মৌসুমেই ডাচ লিগ জয়ের স্বাদ পান তিনি।
গত মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা ও রানার্সআপ রেয়াল মাদ্রিদের পেছনে থেকে তৃতীয় হয় আতলেতিকো মাদ্রিদ।
