আত্মসমালোচনায় ভিনিসিউস বললেন, ‘আমি সাধু নই’
মাঠে মাঝেমধ্যেই মেজাজ হারানো নিয়ে প্রশ্নের মুখে পড়লেন রেয়াল মাদ্রিদ তারকা, তবে নিজের দায়টুকু নিতে পিছপা হলেন না তিনি।
মাঠে ভিনিসিউস জুনিয়রের দ্যুতিময় পারফরম্যান্স নিয়ে যেমন ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই, তেমনি তার মেজাজ হারানো নিয়ে সমালোচনা কম নয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় মাঝেমধ্যেই তাকে পেতে হয় শাস্তি। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অবশ্য তার কাঙ্ক্ষিত দুর্দান্ত রূপই কেবল দেখা গেছে; কিন্তু উঠল তার মাঠের আচরণ নিয়ে প্রশ্নও। জবাবে ‘নিজের দোষ’ স্বীকার করে তিনি বললেন, সাধারণ মানুষ হিসেবে কিছু ভুল তার থাকতেই পারে।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইটির প্রথম লেগ মাঠে গড়ায় মঙ্গলবার রাতে, ম্যানচেস্টার সিটির মাঠে। এই ম্যাচেও অবশ্য ভিনিসিউসকে তাতিয়ে দেওয়ার সব আয়োজন করেছিল স্বাগতিক সর্মথকরা।
গত বছর ভিনিসিউসকে টপকে রদ্রির ব্যালন দ’র পাওয়াকে ঘিরে আলোচনা তো কম হয়নি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারের জয় আগে থেকেই টের পেয়ে ভিনিসিউস ও রেয়াল মাদ্রিদ এবার বর্জন করে ব্যালন দ’র অনুষ্ঠান। ভিনিসিউস পরে ফিফার ‘দা বেস্ট’ স্বীকৃতি পান।
এই ঘটনা কেন্দ্র করে ভিনিসিউসকে নিজেদের আঙিনায় পেয়ে সিটির সমর্থকরা গ্যালারিতে প্রদর্শন করে বিশাল এক ব্যানার, যেখানে ব্যালন দ’র ট্রফিতে রদ্রির চুমু দেওয়ার ছবি এবং পাশেই লেখা, “Stop Crying Your Heart Out।” যেটির মানে, “কান্নাকাটি করে বুক ভাসিও না।”
তবে ওই খোঁচায় মেজাজ হারাননি ভিনিসিউস, বরং দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেন তিনি। তার দলও আরেকটি ঘুরে দাঁড়ানোর গল্প লিখে পায় ৩-২ গোলের রোমাঞ্চকর জয়। অসংখ্য সুযোগ তৈরি ও প্রতিপক্ষের রক্ষণে বারবার ভীতি ছড়ানোর পর দলের জয়সূচক গোলে সরাসরি অবদান রেখে ম্যাচ সেরাও হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে স্পেনের ফুটবলে রেফারিদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রেয়ালও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে। রেফারিদের বিপক্ষে পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগও দায়ের করেছে ক্লাবটি।
এছাড়া, প্রতিপক্ষের মাঠে গিয়ে অসংখ্যবার বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে ভিনিসিউসকে, সেজন্য রেয়াল প্রতিবাদ জানিয়েছে অনেকবার। তাদের দাবি, মাঠে খেলোয়াড়দের ঠিকঠাক নিরাপত্তা দিতে পারেন না রেফারি। অবশ্য ‘অখেলোয়াড়সুলভ আচরণের’ দায়ে ভিনিসিউসের সমালোচনাও হয় অনেক। এবারের লা লিগায় যেমন এখন পর্যন্ত পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড এবং ইউরোপের মঞ্চে তিনটি হলুদ কার্ড দেখেছেন তিনি।
সিটির বিপক্ষে নাটকীয়তায়ভরা ম্যাচের শেষে মুভিস্টারের সঙ্গে ভিনিসিউসের আলাপচারিতায় উঠল এই সব প্রসঙ্গও। উত্তরে বাস্তব পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি নিজের দায়টুকুও নিলেন তিনি।
“কখনও কখনও পরিস্থিতি কঠিন হয়ে যায়। মাঠে যেসব খেলোয়াড়কে আঘাত করা হয়, রেফারি তাদের নিরাপত্তা দিতে পারেন না, আমি যখন লাথি খাই, তখন আমিই হলুদ কার্ড দেখি… আমার সব সতীর্থ ও কোচেরা আমাকে লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে। তবে হ্যাঁ, আমি কোনো সাধু নই।”
রেয়ালের সঙ্গে ভিনিসিউসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। কিছুদিন আগে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছিল, এই তারকার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ক্লাব। তবে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড জানালেন, এখনও তেমন কিছু হয়নি।
“(এ বিষয়ে) আমি কিছু জানি না, কেউ আমার সঙ্গে কথা বলেনি। প্রেসির (রেয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস) সঙ্গে আমার কথা বলতে হবে। আশা করি, এখানে আরও অনেক বছর আমি থাকতে পারব।”
