দলের মধ্যে ভারতকে হারানোর ক্ষুধা দেখছেন বাংলাদেশ কোচ
শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে আবেগ নয়, কোচের কৌশলের বাস্তবায়ন জরুরি বলে মনে করেন অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ।
গ্রুপ পর্ব শেষে পাওয়া তিন দিনের মধ্যে একদিন কেটেছে বিশ্রামে, বাকি দুই দিন প্রস্তুতিতে। এই দুই দিনে ভারতের বিপক্ষে ম্যাচের কৌশল মিরাজুল-নোভাদের বুঝিয়ে দিয়েছেন মারুফুল হক। মাঠের লড়াইয়ে সেই ছক বাস্তবায়নে দলের মধ্যে প্রবল ক্ষুধাও দেখছেন বাংলাদেশ কোচ।
অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ অবশ্য কোচের ছক ঠিকঠাক মেলে ধরতে আবেগের স্রোতে সতীর্থদের ভেসে যেতে বারণ করছেন। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে আবেগের চেয়ে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরুর পর নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, ভুটান ও মালদ্বীপকে একই ব্যবধানে (১-০) হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় ভারত।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ –এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার ক্ষুধা শিষ্যদের মধ্যে দেখছেন মারুফুল।
“গ্রুপ পর্বের শেষ ম্যাচে যখন আমরা হেরে গিয়েছিলাম (নেপালের কাছে), তখনই ধরে নিয়েছিলাম, সেমি-ফাইনালে হয়ত ভারতের মুখোমুখি হতে হবে। সেটাই হয়েছে। ওদের বিপক্ষে আগামীকাল সেমি-ফাইনাল খেলব। আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম নেপালে এবং আমি মনে করি, গ্রুপ পর্বের ওই হারের পর গত দুই দিনে ছেলেদের যে মনোভাব, নিবেদন এবং ভারতের বিপক্ষে জয়ের যে ক্ষুধা আমি দেখেছি, সেটা যদি মাঠে ধরে রাখতে পারে, তাহলে আশা করি, ভারতকে হারিয়ে ফাইনাল খেলতে পারব আমরা।”
নেপাল ম্যাচে অভাবনীয় ভুল করেছিলেন শ্রাবণ। শেষ পর্যন্ত দলও হেরেছিল। তবে বাংলাদেশ অধিনায়ক এখন আর অতীত নিয়ে পড়ে থাকতে চান না। ভারতকে হারানোর তাড়না ফুটে উঠল এই গোলরক্ষকের কণ্ঠেও।
“তিন দিন সময় পেয়েছি, একদিন বিশ্রাম ছিল, দুই দিন অনুশীলন করেছি। ভারত ম্যাচ সামনে রেখে কোচ নতুন ট্যাকটিকস অবলম্বন করবেন। কোচের ট্যাকটিকস অনুযায়ী খেললে ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ থেকে ফিরতে পারব বলে আমরা আশাবাদী।”
“ভারত সবসময় আমাদের শক্ত প্রতিপক্ষ। দেশবাসী এবং আমরা সবসময় চাই ভারতের বিপক্ষে জিততে। আগামীকালও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব। মাঠে আবেগপ্রবণ হওয়া যাবে না। আমরা চাইব কোচের কৌশল অনুযায়ী খেলতে, আবেগ দিয়ে খেলা যাবে না।”
