২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

নিজের নামে স্ট্যান্ড থাকা স্টেডিয়ামে খেলবেন লিওনেল মেসি।

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’
ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 10:30 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে লিওনেল মেসির নামে। আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি।

যুক্তরাষ্ট্রের ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নু স্টেডিয়ামের একটি অংশ ‘লিও মেসি স্ট্যান্ড’ হিসেবে উন্মোচন করা হবে।

সাধারণত অবসরে যাওয়া কিংবদন্তিদের সম্মান জানাতে এই ধরনের স্ট্যান্ড নামকরণ করা হয়। মায়ামি তাদের ৩৮ বছর বয়সী অধিনায়কের নামে স্ট্যান্ড করে সেই ঐতিহ্য ভাঙছে।

“ঐতিহ্যগতভাবে সম্মান জানানোর মাধ্যমগুলো হয়ে থাকে অতীতের দিকে তাকিয়ে। সেগুলো নস্টালজিয়া বা স্মৃতি থেকে তৈরি হয়। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমান থেকে জন্ম নিয়েছে, এই মুহূর্তে যা ঘটছে, তা থেকে। প্রতিবার লিও যখন মাঠে নামেন, তখন আপনি যা অনুভব করেন, তা থেকে।”

২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মায়ামি তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৪ এপ্রিল, মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে অস্টিন এফসির বিপক্ষে।

মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি। ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পরই তিনি বড় ভূমিকা রাখেন লিগস কাপ জয়ে, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি।

২০২৪ সালে দলটিকে সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ সালে এমএলএস কাপ জিতিয়েছেন মেসি। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ স্বীকৃতি পেয়েছেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।

মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৪ ম্যাচে ৮২ গোল ও ৫৩ অ্যাসিস্ট করেছেন মেসি; দুটিই ক্লাব রেকর্ড। সম্প্রতি ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।