শামসুন্নাহার জুনিয়র ও তহুরার হ্যাটট্রিক
জালের দেখা পেয়েছেন দুই তারকা মিডফিল্ডার মারিয়া মান্ডা ও মনিকা চাকমাও।
প্রতিপক্ষের জালে চারবার করে বল পাঠালেন শামসুন্নাহার জুনিয়ার ও তহুরা খাতুন। তাদের নৈপুণ্যে দাপুটে জয়ে বাংলাদেশ উইমেন’স ফুটবল লিগে যাত্রা শুরু করল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে ১০-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ফরাশগঞ্জ।
ষষ্ঠ মিনিটে গোল উৎসব শুরু করেন শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি করেন আরেক গোল।
আরেক ফরোয়ার্ড তহুরা প্রথমার্ধে দুটি ও বিরতির পরপরই আরেক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে পরে নিজের চতুর্থ গোলটি করেন তিনি।
দলটির অন্য দুই গোলদাতা দুই মিডফিল্ডার মারিয়া মান্ডা ও মনিকা চাকমা।
