২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চ নিয়ে আর্জেন্টিনা ম‍্যাচের অপেক্ষায় সান্দ্রো

ব্রাজিলের অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, আর্জেন্টিনার বিপক্ষে তাদের পরের ম‍্যাচ ‘স্পেশাল।’

রোমাঞ্চ নিয়ে আর্জেন্টিনা ম‍্যাচের অপেক্ষায় সান্দ্রো
আলেক্স সান্দ্রো। ছবি: ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ওয়েবসাইট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 10:48 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

সেই অনূর্ধ্ব-২০ ফুটবল থেকে ব্রাজিল দলে প্রতি ডাক উপভোগ করেন আলেক্স সান্দ্রো। ক্লাব সতীর্থ দানিলোর চোটে ফের দলে ডাক পেয়ে মাঠে নামার জন‍্য যেন তর সইছে না ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম‍্যাচের জন‍্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি।  

ব্রাজিল দলে এখন নিয়মিত নন সান্দ্রো। কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম‍্যাচে ৭ বদলির মধ‍্যেও ছিলেন না তিনি। বেঞ্চে বসেই দেখেন পুরো ম‍্যাচ। ২০২২ বিশ্বকাপে সবশেষ দেশের হয়ে খেলা ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার প্রথমবার খেলার মতো রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন ফের মাঠে নামার জন‍্য।

“ব্রাজিল জাতীয় দলের অংশ হওয়া সবসময়ই সবার জন‍্য জাদুকরি মুহূর্ত। আগে এখানে থাকলেও সবসময়ই মনে হয়, এবারই প্রথমবার, যে অনুভূতি হচ্ছে এখনও। আমি যাদের দেখে অভ‍্যস্ত তাদের তুলনায় এখন অনেক অন‍্য মুখ। আমি জানি, সবাই ভালো করছে এবং নিজেদের সবটুকু দিচ্ছে।”

ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়নশিপ জেতেন সান্দ্রো। দলটির হয়ে ২০১১ সালে জেতেন বিশ্বকাপ। ২০১২ লন্ডন অলিম্পিকসে জেতেন রূপা। জাতীয় দলের হয়ে ডাক পান ৭৪ ম‍্যাচে, খেলেন ৪০টিতে, গোল করেন দুটি। 

বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। দুই দলের স্কোয়াডের গভীরতা, ঐতিহ‍্য- সব মিলিয়ে সান্দ্রো আশাবাদী, দারুণ এক লড়াই হবে সেদিন। 

“আমি মনে করি, ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে পরের ম‍্যাচে। যেটা আমি সবসময়ই বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম‍্যাচ পরেরটি। আমি নিশ্চিত, পরের ম‍্যাচটি আমার জন‍্য হবে বিশেষ।”  

১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা।