Published : 07 Sep 2026, 11:31 PM
সবসময় নিজেকেই বিশ্বের সেরা ফুটবলার মনে করেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে ইতিহাস গড়ার পর রেয়াল মাদ্রিদের ফরাসি তারকার দৃঢ় বিশ্বাস, এই বছর ব্যালন দ’র জিততে পারবেন তিনি।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে ক্লাবের হয়ে ৪৪ ম্যাচে গোল করেন ৪২টি, কিন্তু রেয়াল মাদ্রিদ কোনো শিরোপা জিততে পারেনি।
এই গ্রীষ্মের বিশ্বকাপে এমবাপে ১০ গোল করে জেতেন গোল্ডেন বুট, ক্যারিয়ারের তিনটি বিশ্বকাপ মিলিয়ে ২২ গোল করে এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। যদিও তার দল ফ্রান্স চতুর্থ হয়ে শেষ করে আসর।
ক্লাব ও জাতীয় দলের হয়ে শিরোপাহীন মৌসুম কাটালেও, ২০২৬ সালের ব্যালন দ’র জয়ের দাবিদারদের একজন মনে করা হচ্ছে এমবাপেকে। রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে সোমবার সংবাদ সম্মেলনে নিজের পুরস্কারটি জয়ের সম্ভাবনা নিয়ে বলেন তিনি।
“আমার মনে হয়, যখন বিশ্বের সেরা ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে খেলেন, তখন মানুষ আপনাকে এই পুরস্কারের সঙ্গে যুক্ত করবেই। আমাকে ও ব্যালন দ’র নিয়ে অনেকেই কথা বলেন। অবশ্যই, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ইতিহাস গড়েছি। হয়তো এর (ব্যালন দ’র জয়ের) জন্য এটা ভালো বছর, কিন্তু মানুষ তাদের নিজেদের ভাবনা অনুযায়ী ভোট দিতে পারে।
“আমি সবসময় মনে করি, আমিই বিশ্বের সেরা খেলোয়াড়, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। হয়তো মানুষ ভিন্নভাবে চিন্তা করে। আমার মনে হয় না, এই আলোচনা আমাদের করা দরকার। অবশ্যই, ব্যালন দ’র জিততে এই বছর আমার জন্য ভালো হতে পারে। কিন্তু ভোট দেন সাংবাদিকরা।”
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন দ’র ২০২৬ এর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার। আগামী ২৬ অক্টোবর ঘোষণা করা হবে বিজয়ী।
এবার পুরস্কারটি জয়ের সম্ভাবনায় এগিয়ে রাখা হচ্ছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে। গত মৌসুমে ঘরোয়া ডাবল জয়ী বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে ক্লাব রেকর্ড ৬১ গোল করে তিনি। এছাড়া বিশ্বকাপে গোল করেন ছয়টি। মৌসুমে তার গোল মোট ৭৩টি।
বার্সেলোনার হয়ে লা লিগা ও স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা লামিন ইয়ামালেরও ভালো সম্ভাবনা আছে।
এমবাপে তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন মোনাকোয়। পিএসজি (৩০৮ ম্যাচে ২৫৬ গোল) ও ফ্রান্সের (১০৬ ম্যাচে ৬৬ গোল) সর্বোচ্চ গোলদাতা তিনি।
রেয়াল মাদ্রিদের হয়ে ১০৭ ম্যাচে তার গোল এখন পর্যন্ত ৯০টি। কিন্তু এই ক্লাবে যোগ দেওয়ার পর টানা দুই মৌসুমে কোনো বড় শিরোপা জিততে পারেননি তিনি, তার সাবেক দল পিএসজি এই সময়ে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।
এমবাপে টানা আটটি লিগে গোল্ডেন বুট জিতেছেন- ছয়টি লিগ আঁয় ও দুটি লা লিগায়। এছাড়াও বিশ্বকাপে দুটি ও চ্যাম্পিয়ন্স লিগে দুটি গোল্ডেন বুট জিতেছেন তিনি।
ফ্রান্সের হয়ে তিনি জিতেছেন ২০১৮ বিশ্বকাপ, কিন্তু ক্লাব পর্যায়ে এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি।