২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি এভাবেই জন্মেছি’, মানুষের রসিকতা নিয়ে বললেন ‘মোটা’ অ্যাডাম

সামাজিক যোগাযোগের মাধ্যমে তার মোটাসোটা শরীর নিয়ে মানুষ মজা করলে মার্টিন অ্যাডাম বিব্রত হন না মোটেও, বরং মজা পান তিনি নিজেও!

‘আমি এভাবেই জন্মেছি’, মানুষের রসিকতা নিয়ে বললেন ‘মোটা’ অ্যাডাম
মার্টিন অ্যাডাম (বাঁয়ে)

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 08:26 AM

Updated : 26 Aug 2026, 09:48 AM

সময়ের গতিময় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে শরীর ভারি না হওয়া বেশ জরুরি। কিন্তু মার্টিন অ্যাডামের তাতে থোড়াই কেয়ার! মোটা শরীর নিয়ে তিনি দিব্যি ছুটছেন ফুটবলের সবুজে; চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলছেন হাঙ্গেরির জার্সিতে।

কোলনে গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে হাঙ্গেরির ৩-১ গোলে হারের ম্যাচের শেষ দিকে বদলি নেমেছিলেন অ্যাডাম। শারীরিকভাবে তিনি বেশ লম্বা; উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। কিন্তু শরীরের ওজনটা আধুনিক ফুটবলারদের হিসাবে একটু বেখাপ্পাই; ৮৬ কেজি! 

মোটাসোটা অ্যাডামকে নামতে দেখে সমর্থকরা তাই মজা করতে থাকে। এমন নাদুসনুদুস শরীর নিয়ে কেউ শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে পারে, এটা ভেবেই যেন অনেকের চোখে-মুখে দেখা মেলে বিস্ময়ের ছাপ।

মানুষের মনোভাব প্রকাশও পায় সামাজিক যোগাযোগের মাধ্যমে। নানা মিম’স বানিয়ে অ্যাডামকে নিয়ে মজা করতে শুরু করেন কেউ কেউ। ছোট চুলের, লম্বা দাড়িওলা এই ফরোয়ার্ডকে ‘হাঙ্গেরিয়ান ভাইকিংস’ ডাকনামও দেওয়া হয়।

স্থুল শরীর নিয়ে মানুষের হাসি-ঠাট্টার বিষয়টি সংবাদ সম্মেলনে অ্যাডামের দৃষ্টিতে আনা হয়। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড দেন আরও মজার উত্তর।

“ওই পোস্টগুলো? অবশ্যই একটা-দুটো আমি দেখেছি। সাধারণত এই বিষয় নিয়ে আমি হাসি।”

“আমি এভাবেই জন্মেছি, এই শারীরিক গড়ন নিয়ে। বলছি না, জন্মের সময় আমি এত বড় ছিলাম, কিন্তু এই শারীরিক গড়ন, ভিত, জেনেটিকস...। আমি এগুলো বদলাতে পারব না।”

সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাডামকে নিয়ে করা পোস্টে অধিকাংশ মানুষের মনোভাব অবশ্য ইতিবাচক। মাঠে অল্প সময়ের উপস্থিতি দিয়ে এরই মধ্যে তিনি সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন।  

হাঙ্গেরির সমর্থকরা অবশ্য আশা করবে, তাদের ‘নাম্বার-৯’ যেন পরের ম্যাচে জাতীয় দলের হয়ে তিন গোলের পরিসংখ্যানে কিছু যোগ করে। আগামী বুধবার তারা মুখোমুখি হবে এবারের ইউরোর আয়োজক জার্মানির।