বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট দেখছেন না ভিনিসিউস
ব্রাজিলের জার্সির ওজন রক্ষায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে আবার শীর্ষে তুলে নিতে চান রেয়াল মাদ্রিদের এই তারকা।
ইতিহাস-ঐতিহ্যের ধার আছে। নামের ভার আছে। বিশ্বকাপে তাই বরাবরই ফেভারিটদের কাতারেই রাখা হয় ব্রাজিলকে। তবে সেই দলের এক বড় তারকার চোখে এবারের বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের যে অবস্থা, তাতে এবারের বিশ্বকাপে নিজেদের শিরোপার দাবিদারদের মধ্যে রাখছেন না ভিনিসিউস জুনিয়র।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে এবার বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ৬টি দল। সেই বাছাই উতরে গেলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাছাইয়ে ছিল ৫ নম্বরে।
গত সেপ্টেম্বরে বলিভিয়ার কাছে হেরে বাছাই শেষ করেছিল তারা। পরের সময়টায় প্রদর্শনী ম্যাচগুলোয় তাদের পারফরম্যান্সও ছিল তথৈবচ। অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করলেও পরের ম্যাচে তারা হেরে যায় জাপানের কাছে। নভেম্বরে সেনেগালকে ২-০ গোলে হারাতে পারলেও পরের ম্যাচে ড্র করে তিউনিসিয়ার সঙ্গে।
এরপর চার মাসের বিরতিতেও তাদের রূপ বদলায়নি। বস্টনে বৃহস্পতিবার ১০ জনের ফ্রান্সের কাছে হেরে গেছে তারা ২-১ গোলে।
এই ম্যাচের আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভিনিসিউস বলেন, বিশ্বকাপে শীর্ষ কাতারে থাকার মতো কিছু করতে পারছেন না তারা।
“এখনও পর্যন্ত যা ফলাফল, তাতে অবশ্যই আমরা (বিশ্বকাপে) ফেভারিট নই। তবে আমরা প্রীতি ম্যাচগুলোতে যেভাবে খেলছি, বিশ্বকাপেও সেভাবেই পৌঁছাতে চাই—শান্ত ও ধৈর্যশীল হয়ে এবং আমরা যা নিয়ে কাজ করছি, সেদিকে মনোযোগী হয়ে।”
পারফরম্যান্স ভালো না হলেও দলের মানকে যথেষ্টই ভালো মনে করেন ভিনিসিউস। ঐতিহ্যের জার্সির প্রেরণায় দলকে আবার উঁচুতে তোলার প্রত্যয় তার কণ্ঠে।
“এই জার্সির যে ওজন, আমাদের দলের ফুটবলারদের যে মান, ব্রাজিলকে আবার শীর্ষে নিয়ে যেতে আমরা সবকিছু করব। আমরা ফেভারিট হতে চাই না, ব্রাজিলকে শীর্ষে নিয়ে যেতে চাই।”
তার এই প্রতিজ্ঞার প্রতিফলন পড়েনি ফ্রান্সের বিপক্ষে পারফরম্যান্সে। ফ্রান্সের বিপক্ষে হেরেছে তার দল, তিনি নিজে ছিলেন দলের সবচেয়ে বাজে পারফরমারদের একজন। বিশ্বকাপে তারা ফেভারিট নন, সেই সত্যকেই যেন আরও প্রতিষ্ঠিত ম্যাচটি।
পরের প্রীতি ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবেন ভিনিসিউসরা।
