২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের শেয়ার কিনছেন জেফ বেজোস, খবর স্কাই নিউজের

স্কাই নিউজের খবর অনুযায়ী, ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী আমিত ভাটিয়ার নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে লিভারপুলের মালিকানার অংশ কেনার চুক্তির কাছাকাছি আছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন।

লিভারপুলের শেয়ার কিনছেন জেফ বেজোস, খবর স্কাই নিউজের
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 08:24 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ইংলিশ ক্লাব লিভারপুলের শেয়ার কিনতে ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী আমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের আগ্রহের খবর এসেছিল গত মাসেই। নতুন খবর হল, এই বিনিয়োগকারী গোষ্ঠীতে যুক্ত আছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিনও। স্কাই নিউজের খবর অনুযায়ী, কনসোর্টিয়ামটি লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ মালিকানার অংশ কেনার চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

স্কাই নিউজ সোমবারের প্রতিবেদনে লিখেছে, তারা জানতে পেরেছে যে, লিভারপুলের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এই সপ্তাহের মধ্যেই এই চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এই জোটের নেতৃত্বে আছেন আমিত ভাটিয়া, যিনি ভারতের ধনকুবের লাক্সমি মিত্তালের জামাতা। ১৮ বছর ধরে ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের পরিচালক ও সত্ত্বাধিকারীদের একজন ছিলেন আমিত। ৪৬ বছর বয়সী এই ব্যবসায়ী গত মাসে বোর্ড থেকে পদত্যাগ করেন এবং ক্লাবের মালিকানা ছেড়ে দেন।

সূত্রের বরাতে স্কাই নিউজ লিখেছে, আগামী কয়েক দিনের মধ্যে চুক্তির ঘোষণা আসতে পারে, আবার আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়েও যেতে পারে।

চুক্তিটি হলে লিভারপুলের যৌথ মালিকানায় যুক্ত হবেন বিশ্বের শীর্ষ ধনী তিন ব্যবসায়ী।

ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, শুধুমাত্র বেজোসের সম্পদের পরিমাণ ২০ হাজার ৭০০ কোটি পাউন্ডের (২৮ হাজার কোটি ডলার) বেশি। অন্যদিকে, সাভেরিনের সম্পদের পরিমাণ ২ হাজার ৩৭০ কোটি পাউন্ডের (৩ হাজার ২০০ কোটি ডলার) বেশি। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে লিভারপুলের মূল্য ধরা হচ্ছে প্রায় ৪৪০ কোটি পাউন্ড (৬০০ কোটি ডলার)।

৬২ বছর বয়সী বেজোস এর আগে ফুটবলের কোনো চুক্তির সঙ্গে সম্পৃক্ত হননি। আর ৪৪ বছর বয়সী সাভেরিন ২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর চেলসি কেনার একটি ব্যর্থ প্রচেষ্টাতেও এই ধরনের একটি জোটের অংশ ছিলেন।

২০১০ সালে এফএসজি ৩০ কোটি পাউন্ডে লিভারপুলকে কিনে নেয়, যখন ক্লাবটি দেউলিয়া হওয়ার পথে ছিল।