আর্না স্লটের ‘ভুল দল’ বাছাই নিয়ে হচ্ছে সমালোচনা
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের ‘দ্বিতীয় সারির’ দল দেখেই নাকি সম্ভাব্য পরাজয় আন্দাজ করেছিলেন ক্লাবটির সাবেক ফুটবলার জেমি রেডন্যাপ।
ব্যর্থতার বৃত্তে বন্দি লিভারপুলের সবশেষ পরাজয়ের পর কোচ আর্না স্লটের কৌশল নিয়ে কাঁটাছেড়া চলছে। বিশেষ করে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগ কাপের ম্যাচে তার দল সাজানো নিয়ে সমালোচনা করছেন অনেকেই। সাবেক লিভারপুল মিডফিল্ডার জেমি রেডন্যাপ আছেন সমালোচকদের দলে। তার মতে, স্লট এদিন বেছে নিয়েছিলেন ভুল দল।
ঘরের মাঠে বুধবার ম্যাচটি ৩-০ গোলে হেরে লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয় লিভারপুল। দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমে কোনো লড়াই-ই করতে পারেনি তারা।
ইসমাইল সারের জোড়া গোলে প্রথমার্ধেই কোণঠাসা হয়ে পড়ে লিভারপুল। পরে দ্বিতীয়ার্ধে তরুণ ডিফেন্ডার আমারা নালো বদলি নামার ১২ মিনিটের মাথায় লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিছুক্ষণ পর ইয়েরিমো পিনোর গোলে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা।
কয়েক সপ্তাহ ধরেই একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করছে লিভারপুল। গত ২৭ সেপ্টেম্বর এই প্যালেসের বিপক্ষে হার দিয়েই উল্টো পথে যাত্রা শুরু হয় তাদের। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে আরও চারটিতে হারে তারা।
মৌসুমের শুরুতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আরেকটি হতাশার গল্প আছে লিভারপুলের; কমিউনিটি শিল্ডে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে হেরেছিল তারা।
বারবার ধাক্কা দেওয়া প্যালেসের বিপক্ষে এবারের দেখায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখে দল সাজান স্লট। গত শনিবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে হেরে যাওয়া ম্যাচের একাদশ থেকে ১০টি পরিবর্তন আনেন তিনি। মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডাইকদের স্কোয়াডেই রাখেননি। বিপরীতে শুরুর একাদশে খেলতে নামান তিন টিনএজার এবং তৃতীয় পছন্দের গোলরক্ষক ফ্রেডি উডম্যানকে।
রেডন্যাপের দৃষ্টিতে দলের ছন্দহীন পথচলার মাঝে কোচের এমন দল সাজানো পরিষ্কার ভুল।
“দল সাজানোই ছিল ভুল…তিনি (স্লট) আজ এমন একটা দল বাছাই করেছিলেন, যা তার জন্য সবকিছু কঠিন করে তুলেছিল…ব্রেন্টফোর্ড ম্যাচের একাদশ থেকে ১০টি পরিবর্তন করেছেন।”
“আপনি আমাকে বলতে পারবেন না, তিনি যে দল বাছাই করেছিলেন এবং বদলিগুলো নামিয়েছিলেন এটা ভেবে যে, খুব ভালো দল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই পরিকল্পনাই ফল এনে দিবে। আপনি আশা করতেই পারেন, কিন্তু আমি এক সেকেন্ডের জন্যও বিশ্বাস করিনি যে, তারা প্যালেসকে হারাতে পারবে। তিনি (স্লট) আজ একটা ভুল করেছেন।”
টানা ব্যর্থতায় লিগ শিরোপা ধরে রাখার অভিযানে অনেকটা পিছিয়ে পড়েছে লিভারপুল। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে সপ্তম স্থানে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে।
