২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের দাবি পূরণের আনন্দে ভাসছেন ভিনিসিউস

ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর রেয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস রচনা অব্যাহত রাখার প্রত্যয় জানালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 07:58 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

ক্লাবের যে ঐতিহ্য-ইতিহাস, খেলোয়াড়দের কাছে রেয়াল মাদ্রিদের যে দাবি, ভিনিসিউস জুনিয়রের বিশ্বাস সাফল্যের ধারাবাহিকতায় ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে তারা সেটা পূরণ করতে পেরেছেন। বিশ্বের সেরা এই ক্লাবে খেলতে পেরে নিজেকে এবং দলের সবাইকে সৌভাগ্যবান ভাবছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।    

নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের ফাইনালে বুধবার রাতে মেক্সিকোর পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে রেয়াল। পেনাল্টি থেকে একটি গোল করা ভিনিসিউস অবদান রাখেন দলের প্রথম গোলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে সরাসরি প্রতিযোগিতাটির ফাইনালে জায়গা পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি। 

ট্রফি কেবিনেটে আরেকটি শিরোপা আনতে পারার উচ্ছ্বাসে ভাসছেন ভিনিসিউস। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তার কণ্ঠে ফুটে উঠল রেয়ালের হয়ে খেলতে পারার গর্ব।      

“ইতিহাস তাদের কাছে যা দাবি করে, দল সেটা পূরণ করে চলেছে, আর সেটা হলো বড় শিরোপা জেতা। যে কেউ এই জার্সি পরতে পারে না, সবাই বিশ্বের সেরা দলের হয়ে খেলার সুযোগ পায় না। আমরা সৌভাগ্যবান, এটা অনন্য অনুভূতি যা খুব অল্প খেলোয়াড়ই উপভোগ করতে পারে।” 

দারুণ একটা সপ্তাহ কাটল ভিনিসিউসের। ক্যারিয়ারে প্রথমবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয়ের পরদিন পাচুকার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে হলেন ম্যাচ সেরা।

“সুন্দর একটা সপ্তাহ, আমার জন্য খুবই স্পেশাল।”

গত অক্টোবরে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির সঙ্গে ব্যালন দ’রের লড়াইয়ে পেরে উঠেননি ভিনিসিউস। সেই হতাশা কাটিয়ে উঠার আভাস মিলল তার কথায়।

“একটি পুরস্কারের লড়াইয়ে মানুষজন আমাকে ভোট না দেওয়ায় আমি কী ভাবি এবং সতীর্থরা আমাকে কী বলে, তা পাল্টে যায় না। তাদের জন্য খেলতে এবং বিশ্বের শ্রেষ্ঠ এই জার্সির জন্য নিজের সেরাটা দিতে আমি এখানে আছি।”

“আমি বিশ্বের সেরা ক্লাব রেয়াল মাদ্রিদে খেলি। আমাকে লম্বা সময় ধরে অবমূল্যায়ন করা হয়েছে। তবে আমি কখনও মাথা নত করিনি। কেবল কঠোর পরিশ্রম করে গেছি। আমরা সব সময় চূড়ায় থাকতে চাই… আমরা বিশ্বের সেরা ক্লাবের মুকুট পেয়েছি। আশা করি, আমরা লম্বা সময়ের জন্য এটা ধরে রাখতে পারব এবং এই ক্লাবের হয়ে ইতিহাস রচনা অব্যাহত রাখব।”

কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল রেয়াল। বাইলাইন থেকে চমৎকার কাটব্যাকে সতীর্থের গোলে অবদান রেখেছিলেন ভিনিসিউস। বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসালেন তিনি।

“আমি তার অনেক বড় ভক্ত। (বছরের শুরুতে) আমি তাকে প্রচুর বার্তা পাঠিয়েছিলাম। কারণ, আমি সবসময়ই তার সঙ্গে খেলার স্বপ্ন দেখেছি। সে অসাধারণ একজন খেলোয়াড়, লম্বা সময় ধরে আমরা একে অপরের গুণমুগ্ধ। আমরা দারুণ একটা দল, আমরা পরস্পরকে খুব ভালোবাসি, এখানে কারো কোনো অহমিকা নেই। আমরা এখানে আছি রেয়াল মাদ্রিদকে চূড়ায় রাখতে, যেখানে এই দলের সবসময় থাকা উচিত।”