মোহামেডানকে হারিয়ে স্বস্তি পাচ্ছেন তপু-ফের্নান্দেসরা
বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপা জয়ের চেয়েও যেন ভুটানের ভরাডুবির দুঃখ ভুলতে পারার স্বস্তি বেশি তপু বর্মন, জোনাথন ফের্নান্দেসদের।
গোল করে গ্যালারির দিকে ছুটে গিয়ে দুই ঠোটের ওপর তর্জনি রেখে চুপ থাকার ভঙ্গিতে উদযাপন করলেন তপু বর্মন। ম্যাচ শেষে এমন উদযাপনের পেছনের গল্পটা বললেন এই ডিফেন্ডার। ভুটানে গিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থতা, জাতীয় দল ও ক্লাবের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে অবিশ্বাস্য সব ভুলের কারণে সমালোচোকদের তোপ থেকে বাঁচতে পারার স্বস্তি অনুভব করছেন তিনি।
কিংস অ্যারেনায় শুক্রবার বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপা বসুন্ধরা কিংস জিতেছে মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে। পিছিয়ে পড়া গোলেও কিছুটা দায় ছিল তপুর; পরে অবশ্য অভিজ্ঞ এই ডিফেন্ডার ‘প্রায়শ্চিত্ত’ করেন সমতাসূচক গোল করে। পরে জালের দেখা পান ফয়সাল আহমেদ ফাহিম ও মিগেল ফিগেইরা দামাশেনো।
কদিন আগেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলো হেরে ভুটান থেকে ফিরে আসে কিংস। এরপর জাতীয় দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে ম্যাচেও ভুল করেন তপু। মোহামেডানের বিপক্ষে নিজের গোল ও দলের জয়ে তাই সমালোচনার জবাব দেওয়ার আনন্দ পাচ্ছেন তিনি।
“আমি আপনাদের প্রতিক্রিয়াও বুঝতে পেরেছি যে, আপনারা আমার পারফরম্যান্সে সন্তুষ্ট নন। তবে এসব (ভুল) ফুটবলে হয়ে যায়। সামনের দিনগুলোতে যেন ওই ভুলগুলো না করি। ভুল থেকে শিখতে হয়। আমি সবসময় শেখার চেষ্টা করি। নিজেকে কিভাবে আরও ফিট রাখা যায়, ভালো করা যায়, সেই চিন্তা করি। দেখবেন রোনালদো, মেসি-ওরা কখনও অতীত নিয়ে চিন্তা করে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আমিও সেভাবেই চিন্তা করি। কিভাবে ফিট থাকতে পারি, দেশের জন্য আরও ভালো পারফরম করতে পারি, আমি সে চিন্তাই করি।”
“দেড় বছর পর আমি গোল পেলাম। এর আগে লিগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল পেয়েছিলাম। এখানে অনেক শোরগোল হচ্ছিল, আমারও কানে আসছিল, অনেক ধরনের শোরগোল…আমি সেটা ব্যাখ্যা করতে চাচ্ছি না। আমার জন্যই এটাই প্রযোজ্য, তাই আমি এইভাবে (চুপ থাকার) উদযাপন করেছি। এটা আমার মৌসুমের প্রথম গোল। এই গোলটা আমার জন্য বিশেষ কিছু। আমার ছেলের জন্মদিন ছিল ১৫ নভেম্বর, গোলটা ছেলেকে উৎস্বর্গ করতে চাই।”
শুরুতে পিছিয়ে পড়ায় কিংস কিছুটা চাপে পড়েছিল, স্বীকার করলেন তপু। শেষ পর্যন্ত জয় পাওয়ায় স্বস্তি অনুভব করছেন তিনি।
“এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কেননা, আমরা ভুটানে তিনটা ম্যাচে হেরেছিলাম, কোনো পয়েন্ট সেখানে আমরা অর্জন করতে পারিনি। এটা আমাদের জন্য চাপের ম্যাচ ছিল। মোহামেডান সবসময় ভালো খেলে থাকে। তারা শক্তিশালী প্রতিপক্ষ। প্রথম গোলটা খাওয়ার পরে, (পিছিয়ে থেকে) প্রথমার্ধ শেষ করে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। ওই পরিপ্রেক্ষিতে দ্বিতীয়ার্ধে খেলতে নামার পরে…আমার মনে হয়, আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি।”
“যে তিনটা গোল আমরা করেছি, আমার মনে হয় আমরা আরও গোল পেতে পারতাম, আমরা আরও কয়েকটা উন্মুক্ত সুযোগ তৈরি করেছিলাম। এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসছে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপে এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিবে। এই ম্যাচ দিয়েই আমরা ফিডব্যাক দিলাম।”
স্বস্তির কথা বললেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোনাথন ফের্নান্দেসও, “অবশ্যই আমাদের জন্য স্বস্তির। চ্যালেঞ্জ লিগে হেরে এসেছিলাম আমরা, এই ম্যাচটা জিততেই হতো লিগ ও ফেডারেশন কাপের আগে। জিততে পেরে ভালো লাগছে।”
ফ্লেয়ার ছোঁড়ার কারণে মোহামেডানের খেলায় ছন্দপতন হয়েছে বলে ‘দাবি’ করেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ। তবে প্রতিপক্ষ কোচের সাথে একমত নন তপু।
“আমরা কিন্তু অনেক গতিময় খেলছিলাম। আপনারা দেখেছেন, মোহামেডান ক্লান্ত হয়ে পড়েছিল। তো ফ্লেয়ারের কারণে আমার মনে হয়, সেটা বরং আমাদের জন্য নেতিবাচক ছিল। তবে আমরা ওখান থেকে ঘুরে দাঁড়িয়েছি, কৃতিত্ব পুরো দলের।”
